শতাব্দীর সেরা পেনাল্টি!

রেফারির বাঁশি। পেনাল্টি নিতে এগিয়ে এলেন লিওনেল মেসি। তিন পা এগিয়ে এসে নিলেন শট। কিন্তু এ কী, মেসি যে শট নিলেন না গোলে! এর বদলে বাঁ পায়ে আলতো টোকা। পেনাল্টির বদলে দিলেন পাস! আর সেখান থেকেই গোল করে লুইস সুয়ারেজের হ্যাটট্রিক!
পরশু লা লিগায় সেল্টা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নিজেদের অপরাজিত থাকার রেকর্ড নিয়ে গেছে ৩০ ম্যাচে। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় মেসির পেনাল্টি। আরও স্পষ্ট করে বললে, ‘মিস’ হওয়া পেনাল্টিই। ক্যারিয়ারের ৮৩ পেনাল্টির ১৭টিতেই গোল করতে পারেননি। তবে এই ১৭তম মিসটা মেসির ক্যারিয়ারে আলাদা হয়েই থাকবে।
ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর ‘শতাব্দীসেরা’ গোলের পুনরাবৃত্তি আগেই করে দেখিয়েছেন। এবার মেসি-সুয়ারেজের যুগলবন্দীর পেনাল্টিটাকে বলা হচ্ছে ‘পেনাল্টি অব দ্য সেঞ্চুরি’।
ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সা। সেল্টা ডিফেন্ডার কাস্ত্রোর বাঁয়ে বল ঠেলে ডান দিক দিয়ে বের হয়ে ছিলেন মেসি। ডান-বাঁয়ের এই বিভ্রান্তিতে পড়ে কাস্ত্রো বক্সে ফেলে দিলেন মেসিকে। রেফারির পেনাল্টির বাঁশি। মেসি তখন দাঁড়িয়ে মাইলফলকের সামনে। লা লিগায় নিজের ৩০০তম গোলটা নিশ্বাস-দূরত্বেই। অথচ মেসি এমন এক ছবি আঁকতে চাইলেন, ফুটবল মাঠে যা খুবই বিরল। যেন সুয়ারেজকে দিয়ে হ্যাটট্রিকটাই করাতে চাইলেন। এমন পেনাল্টিতে সেল্টা গোলরক্ষক রীতিমতো হতবুদ্ধি।
শুধু গোলরক্ষক? সেল্টা ডিফেন্ডাররা মুখ চাওয়া-চাওয়ি করছে। রেফারিরও যেন বাঁশিতে ফুঁ দিতে খানিকটা দেরিই হলো। অবাক বার্সা খেলোয়াড়েরাও। এক-দুজন তো গোল উদ্যাপনের সময় মেসির কানে কানে কী যেন জানতেও চাইলেন। মেসির মুখে তখন দুষ্টু হাসি। বার্সা কোচ এনরিকে তাঁর সহকারীর দিকে তাকালেন কিছুটা বিস্ময় নিয়েই।
এমন একটা পেনাল্টি যে নেওয়া হতে পারে, সেটি অনুশীলনেই ঠিক করা ছিল বলে জানিয়েছেন নেইমার। তবে সেটি মেসি-সুয়ারেজ নয়, মেসি-নেইমার যুগলবন্দীতেই নাকি হওয়ার কথা ছিল, ‘এটা আমার জন্যই পরিকল্পনা করা ছিল। আমরা এটা অনুশীলনও করেছি। কিন্তু লুইস বলের কাছে আগে চলে গেছে। যা-ই হোক, ব্যাপার না। ও গোল করেছে, পরিকল্পনাটা তাই কাজেই লেগেছে।’
ম্যাচের ২৮ মিনিটে ২৫ গজ দূর থেকে অসাধারণ এক ফ্রি-কিকে প্রথম গোল করেছেন মেসি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে বার্সা গোল হজম করার পর আবারও মেসি-জাদুতেই তাদের লিড ফিরে পাওয়া। ৫৯ মিনিটে আলতো চিপে সুয়ারেজের কাছে বল পাঠালেন। ২-১। ১৬ মিনিট পর সুয়ারেজ ৩-১ করে ফেললেন। এরপরই সেই আলোচিত পেনাল্টি।
সুয়ারেজের হ্যাটট্রিকের পর রাকিতিচ আর নেইমারের গোলে ‘সেপ্টেম্বরের প্রতিশোধ’ নিল বার্সা। লিগে প্রথম দেখায় সেল্টা যে বার্সাকে হারিয়ে দিয়েছিল ৪-১ গোলে!
এমন কথাও তাই উঠেছে, সেই প্রতিশোধ নিতেই কাল মেসি ওভাবে সেল্টাকে অপমান করলেন কি না। ম্যাচ শেষে এনরিকে ব্যাখ্যা দিলেন, ‘এমনটা কেউ এটা পছন্দ করবে, কেউ করবে না। তবে বার্সা মনে করে, শিরোপা জয়ের চেয়েও মুগ্ধকর খেলা দিয়ে ফুটবলটা উপভোগ করা জরুরি। আমাদের ফুটবল উপভোগ করতে হবে, প্রতিপক্ষকে সম্মানও দেখাতে হবে। দেখাতে হবে, আমরা যেভাবে খেলি, এতে আমরাই সেরা।’
এ নিয়ে একটু বেশিই কথা হচ্ছিল বলেই হয়তো এনরিকে পাল্টা জবাব দিতেও ছাড়লেন না, ‘স্পেন এমন একটা দেশ, যেখানে স্কিলের প্রদর্শনীর চেয়ে বলে শুধু লাথি মারাটা বেশি হাততালি পায়। এ নিয়ে আমরা তাই ভাবি না।’ সেল্টা কোচ এদুয়ার্দো বেরিজ্জোও মনে করেন, এটা প্রতিপক্ষকে অসম্মান নয়। তবে এমন পেনাল্টি নেওয়া হতে পারে, সেটা তিনিও ভাবতে পারেননি।
প্রতিপক্ষের কথা বাদই দিন, খোদ জর্ডি আলবাও স্বীকার করলেন, এমনটা হবে তাঁরা জানতেনই না। বার্সা ফুলব্যাক বলেছেন, ‘লিও সব সময়ই কিছু না-কিছু আবিষ্কার করে, আর এটা নিখুঁতভাবে কাজেও লাগে। আমরা অবশ্য অনুশীলনে এর কিছুই দেখিনি, আমরা কিছুই জানতাম না।’
তবে কি এমন কিছু যে হতে পারে, তা শুধু নেইমারই জানতেন, সুয়ারেজও নয়! সূত্র: এএফপি, রয়টার্স, এএস।