শরণার্থী ও অভিবাসীদের বিশ্বকাপ ফাইনাল

৩২ দলকে পেছনে ফেলে ক্রোয়েশিয়া আর ফ্রান্স উঠে এসেছে বিশ্বকাপের ফাইনালে। তবে শুধু যে ফুটবল দিয়ে তারা এতদূর এসেছে, সে কথা বলার আর সুযোগ নেই। জীবন তাদেরকে এই লড়াই করতে শিখিয়েছে। কেউ দেখেছে যুদ্ধ আর কেউ উন্নত জীবনের আশায় নিজের দেশ ছেড়েছেন। খোঁজে নিজের দেশ ছেড়েছেন। এবারের বিশ্বকাপ ফাইনালটা হচ্ছে শরণার্থী আর অভিবাসী শিবিরের মধ্যেই।
বিশ্বজুড়ে যুদ্ধের দামামা। যুদ্ধ যেন খেলার মতো। বিশ্বনেতারা খেলছেন, প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ। ঘর হারাচ্ছে, দেশ ছেড়ে জীবনের তাগিদে নতুন কোনো জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। নিজের দেশ থেকে দূরে কোথাও যেখানে গ্রেনেডের শব্দ নেই, গুলি যেখানে প্রাণ কেড়ে নেয় না মানুষের সেখানে খুঁটি গাড়ছেন বাঁচার থাকার স্বপ্নে। সিরিয়া থেকে মিয়ানমার, এই যুদ্ধ আর হিংসার মধ্যেও বেঁচে থাকার শেষ চেষ্টা করছে মানুষ। জীবনের এই নির্মম বাস্তবতা পেরিয়েই বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলছেন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়। আজকের বিশ্বকাপ ফাইনালটাকে তাই শরণার্থী আর অভিবাসীদের বলাই যায়।
বর্তমান সময়ের সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্য মাঠের প্রাণ লুকা মদরিচ ও ইভান রাকিচিত। অথচ তাদের ছেলেবেলাটা কেটেছে নিদারুণ আতঙ্কের মধ্যে। জীবনের সামান্যতম নিরাপত্তাটুকু তারা পাননি। নব্বইয়ের দশকের শুরুর দিকে যুগোস্লাভিয়া রাষ্ট্রের সময়টা বড় কঠিন এক সময়। একটার পর একটা দেশ ভেঙে পড়ছে। নিজেদের স্বাধীনতা দাবি করছে ছোট ছোট অনেক দেশ। যুদ্ধই তখন বলকান অঞ্চলের একমাত্র সত্য।
মদরিচের জীবন যেভাবে কেটেছে, সেখান থেকে আজ ব্যালন ডি’অরের দৌড়ে থাকা, রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক চ্যাম্পিয়নস লিগ জেতা, আর ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা—এ যেন এক মহাকাব্য।
ছয় বছর বয়সে মাঠে যখন ফুটবল নিয়ে দৌড়াতেন, জীবনের জন্য দৌড়াতে হতো আরও বেশি। সার্বিয়ান সেনাবাহিনী ঘিরে রেখেছিল মদরিচের জাগরেব শহর। তার দাদাকে সেই যুদ্ধে দিতে হয়েছিল প্রাণ। তার সতীর্থ রাকিতিচ, মানজুকিচ, পেরিসিচরা দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমালেও সেই সুযোগটাও হয়নি মদরিচের পরিবারের।
ইভান রাকিতিচের জন্ম হয়েছে সুইজাল্যান্ডে। যুগোস্লাভিয়া যুদ্ধের সময় ক্রোয়েশিয়া ছাড়তে বাধ্য হয়েছিল তাঁর পরিবার। মানজুকিচরা পাড়িয়ে জমিয়েছিলেন জার্মানিতে। আজ সেই মানজুকিচের গোলে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। মদরিচ সেই ছয় বছর বয়সের দৌড় দিয়েই শিখেছেন ফুটবল মাঠে দৌড়াতে। একটি শিরোপার জন্য মাইলের পর মাইল দৌড়ানোর প্রস্তুতি তো তাঁর জীবন বাঁচাতে দৌড়েই।
দেয়ান লোভরেন বসনিয়ার জেনিকা শহরে জন্ম নিয়েছিলেন ১৯৮৯ সালে। যখন তার বয়স ৩ বছর, যুদ্ধ লেগে যায় সেই এলাকায়। অন্তত এক লাখ লোক সে যুদ্ধে প্রাণ হারিয়েছিল। পরিবার-পরিজন জার্মানিতে পাড়ি জমিয়েছিল। যুদ্ধ শেষে তারা আবার ফিরে এসেছিলেন ক্রোয়েশিয়ায়।
ক্রোয়েশিয়ার মতো ফ্রান্সের খেলোয়াড়দের ছেলেবেলাও খুব সুন্দর ছিল না। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় ফ্রান্সের উদার অভিবাসী নীতির কারণে বিভিন্ন দেশ থেকে অনেকেই একটু ভালো থাকার আশায় ফ্রান্সে পাড়ি জমিয়ে থাকেন। আফ্রিকার দেশ থেকেই এ সংখ্যাটা বেশি। গিনি থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েই ‘ফরাসি’ হয়েছেন পল পগবা। সে পগবাই জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোয় ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের বাবা ক্যামেরুনের নাগরিক ছিলেন, মা আলজেরীয়। ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, ৯৮ এর বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনেদিন জিদানের অভিভাবকও ছিলেন আলজেরিয়ার নাগরিক।

সেমিফাইনালে বেলজিয়াম আটকেই রেখেছিল ফ্রান্সকে। তারকা আক্রমণভাগ যখন পেরে উঠছিলেন না বেলজিয়ামের রক্ষণের সঙ্গে, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হন ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। যার গোলে ফ্রান্স ১২ বছর পর আবার ফাইনালে উঠল, তাঁর জন্মও ফ্রান্সে নয়। ক্যামেরুনে জন্ম নেওয়া এই ফুটবলার যখন শিশু, তখন তার অভিভাবকেরা ফ্রান্সে পাড়ি জমান উন্নত জীবনের আশায়।
এ বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল ছাড়াও অন্যান্য দলের অনেক বড় তারকাও শরণার্থীশিবিরে কাটিয়ে এসেছেন। অভিবাসী ফুটবলারের সংখ্যাও অনেক। দুঃস্বপ্নের শৈশবকে পেছনে ফেলে ফুটবলকে আলোকিত করেছেন তারা। আজ বিশ্বকাপের শিরোপা লড়াইকেও আলোকিত করবেন। সেই আলোয় শান্তি আর ভালোবাসাকে কাছে টানতে চাইবে গোটা বিশ্ব।