শরণার্থী শিবির থেকে অ্যানফিল্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ক্লাব লিভারপুলের জার্সি হাতে দেয়ান লভরেন l টেলিগ্রাফ
নতুন ক্লাব লিভারপুলের জার্সি হাতে দেয়ান লভরেন l টেলিগ্রাফ

একটু পরপর বিমানের মুহুর্মুহু গর্জন, যেন প্রলয়নাচন। ছোট্ট লভরেন কি আর অতশত বুঝত! বারবার জানালায় মুখ বাড়িয়ে দেখতে চাইত আকাশ। বাবা-মা আর কত নিরস্ত করবেন? শেষ পর্যন্ত সন্তানের মুখের দিকের তাকিয়ে বুকে পাথর বেঁধে সিদ্ধান্তটা নিতে হলো, দেশ ছাড়তে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ায় আখেরে কতটা ভালো হয়েছিল সেটা তাঁরা বুঝতে পেরেছিলেন কিছুদিন পর। দেশ ছাড়ার বছর খানেকের মধ্যেই বোমারু বিমানের হামলায় তাঁদের বাড়ির পাশের বিপণিবিতানটি একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল, মৃত্যু হয়েছিল ১৬ জনের।
এত দিন পর সেই দিনগুলোর কথা ভাবলে হয়তো একটা ঘোরের মধ্যে চলে যান দেয়ান লভরেন। নিজের গায়ে হয়তো চিমটিও কেটে দেখেন। এখন তাঁর জীবনে বিত্ত-বৈভব খ্যাতির প্রাচুর্য। লিভারপুলের মতো ক্লাব ২ কোটি ইউরো দিয়ে কিনেছে তাঁকে, ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে খেলেছেন। গত মৌসুমে ছিলেন প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারদের একজন। অথচ পেছনের দিনগুলোর সঙ্গে এসব কিছুতেই মেলানো যায় না! নিজেই জানাচ্ছেন, ‘এতদূর আসব কোনো দিন ভাবিনি!’
কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। লভরেনের জন্ম হয়েছিল তৎকালীন যুগোস্লাভিয়ার জেনিকায় (এখন যা বসনিয়ার অংশ)। যুদ্ধ সেখানে প্রতিটি মুহূর্তের ঘটনা, মৃত্যু সেখানে নৈমিত্তিক। তিন বছর বয়সে তাই লভরেনের বাবা-মা দেশ ত্যাগ করে গেলেন জার্মানিতে। লভরেনের কথা, ‘যুদ্ধের কারণে আমরা চলে গিয়েছিলাম। ওখানে থাকলে কেউ না কেউ মারা যেতই।’ শিকড় ছেড়ে সেই যে গেলেন, তারপর শুরু হলো যাযাবর জীবন।
লভরেন পরিবার শরণার্থী হিসেবে আশ্রয় চাইলেন জার্মানির মিউনিখে। আশ্রয় পেলেন বটে, কিন্তু সেটা ছিল ক্ষণিকের নিশ্চয়তা। কোনো বৈধ কাগজপত্র নেই, ভিসা নেই। চাইলে যেকোনো সময় জার্মানি থেকে তাঁদের তাড়িয়ে দিতে পারত জার্মান কর্তৃপক্ষ। সেই ভয়ে সব সময় সন্ত্রস্তও থাকতেন। কিন্তু কীভাবে কীভাবে যেন জার্মানিতে টিকে গেলেন।
এর মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা জন্মাল কীভাবে? এখানটায় লভরেনের ধন্যবাদ পাচ্ছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনার চাকচিক্য দেখে চোখ ধাঁধিয়ে যেত উদ্বাস্তু শিশুটার। শোনা যাক তাঁর মুখ থেকেই, ‘বায়ার্নকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, আমার দল ছিল ওটাই। জিওভান্নি এলবার, বেসলার, লিজারাজুদের সঙ্গে আমি ছবি তুলেছিলাম। এখনো সেসব আমার কাছে আছে। ওদের অনুশীলন দেখার জন্য অধীর হয়ে থাকতাম।’
জার্মান ভাষা জানতেন না, ধীরে ধীরে সেটা রপ্ত করলেন। এর মধ্যে যুদ্ধের বিভীষিকা গেল কমে । ফিরে এলেন নিজের দেশ ক্রোয়েশিয়ায়। পেশাদার ফুটবলের ‘পায়েখড়ি’ ক্রোয়েশিয়ারই ক্লাব ডায়নামো জাগরেবে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে এসেছেন চূড়ায়।
সেই অভিজ্ঞতা মানুষ হিসেবে কতটা শক্ত করেছে ২৫ বছর বয়সী ডিফেন্ডারকে? এখন অ্যানফিল্ডে আত্মবিশ্বাসে ভরপুর লভরেনের কণ্ঠেই সেটা শুনুন, ‘এসব কিছুই আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। আমি জানি জীবন কখনোই সহজ নয়। কাজ দিয়েই আপনাকে সবকিছু অর্জন করে নিতে হবে। বাবা-মাকে আমি দেখেছি, আমি বলেছিলাম এভাবে আমি বাঁচতে চাই না। তবে আমি সবকিছু নিয়েই গর্বিত। আমি জানি আমি কোত্থেকে এসেছি। সুন্দর একটা শৈশবের চেয়ে এটাই বরং ভালো হয়েছে, জীবনকে তো চিনতে পেরেছি!’
লভরেন তাই শুধু একজন ফুটবলারই নন, যুদ্ধ-অনাহার-দারিদ্র্যের সঙ্গে যুঝতে থাকা আগামী দিনের ফুটবলারদের জন্য আলোকবর্তিকাও বটে। গার্ডিয়ান, মিরর।