শরণার্থীদের পাশে বুন্দেসলিগা
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া-লিবিয়া থেকে স্রোতের মতো শরণার্থী আসছে ইউরোপের বিভিন্ন শহরে। তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা শরণার্থী শিশুর মৃতদেহের ছবিটা নাড়া দিয়েছে পুরো বিশ্বকেই। এ অবস্থায় বুন্দেসলিগার ক্লাবগুলো শুধু মুখে সমর্থন জানানো নয়, বাস্তবে কিছু করেও দেখাল। বায়ার্ন মিউনিখ, শালকে, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো এরই মধ্যে শরণার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি অন্যভাবেও পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
বায়ার্ন পরশু শরণার্থীদের জন্য ১০ লাখ ইউরো সাহায্যের ঘোষণা দিয়েছে। ১২ সেপ্টেম্বর অগসবুর্গের সঙ্গে ম্যাচে বায়ার্নের খেলোয়াড়দের হাত ধরে মাঠে আসবে শরণার্থী শিশুরা। নিজেদের অনুশীলন মাঠে শরণার্থীদের জন্য একটা ক্যাম্পও খুলবে। শালকে তাদের পরের ম্যাচ দেখার জন্য ১০০ শরণার্থীকে আমন্ত্রণ জানিয়েছে। এরই মধ্যে ক্লাবটি ক্যাম্প করে কাপড় ও খেলনা কিনে দিয়েছে শরণার্থী শিশুদের। ডর্টমুন্ডও তাদের ইউরোপা লিগের ম্যাচ দেখার জন্য ২০০ শরণার্থীকে আমন্ত্রণ জানিয়েছে। হফেনহেইম, হ্যানোভারও সাহায্যের ঘোষণা দিয়েছে। এএফপি।