শর্টস-কাণ্ডে অবাক জামাল নিজেও

কাল ভুলে অন্যের শর্টস পরে নেমেছিলেন জামালছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হয়েছে মাত্রই। মিনিট দশেক পর হঠাৎ দেখা গেল বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া দ্রুত মাঠ ছাড়ছেন। মালে জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মনে হচ্ছিল, জার্সি বা শর্টসের কোনো সমস্যা হতে পারে। ফুটবলে এমন সমস্যা নতুন কিছু নয়।

দুই মিনিটের মধ্যেই আবার মাঠে ফিরে এলেন। সমস্যাটা কী, তখনো বোঝা যায়নি। পরে জানা গেল, জামাল মাঠ ছেড়েছিলেন শর্টস বদলাতে। অনেক সময় শর্টস ছিঁড়ে যায়। কিন্তু জামাল ভূঁইয়া পরশু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুল নম্বরের শর্টস পরে নেমে যান মাঠে!

৫ নম্বর শর্টস পরেই প্রথমে নেমেছিলেন জামাল
ছবি: বাফুফে

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল বাংলাদেশের ১-০ গোলের জয় ছাপিয়ে আলোচনায় এখন জামালের শর্টস-কাণ্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এমন ভুল নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন। কেউ করছেন রসিকতাও। এমনিতে জামাল ক্লাব, জাতীয় দল দুই ভূমিকাতেই ৬ নম্বর জার্সি পরেন। মালদ্বীপের গতকাল শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপেও ব্যতিক্রম হয়নি। কিন্তু ছয় ৬ নম্বর জার্সি পরে নামলেও জামালের পরনে ছিল ৫ নম্বর শর্টস!

পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা ডিফেন্ডার রেজাউলের জন্য এবার বরাদ্ধ ৫ নম্বর জার্সি। মালদ্বীপ এসে জ্বরের কারণে রেজা আপাতত দলের বাইরে। তবে গতকাল ম্যাচের আগে ড্রেসিংরুমেই ছিল রেজার ৫ নম্বর জার্সি ও শর্টস। ৫ আর ৬ নম্বর জার্সি সেট কাছাকাছি থাকায় তালগোলে ৫ নম্বর শর্টস পরেই মাঠে চলে যান জামাল।

জামাল ক্লাব ও জাতীয় দলে ৬ নম্বর জার্সি পরেন
ছবি: বাফুফে

আসলে ঠিক কী ঘটেছিল? মালের টার্ফ মাঠে আজ বাংলাদেশ দলের অনুশীলনে জামালকে দেখে সবারই কৌতূহলী প্রশ্ন। কীভাবে এমন কাণ্ড হলো জামাল নিজেও অবাক। প্রথম আলোকে বললেন, ‘কীভাবে যে কী হলো, আমি নিজেই বুঝতেছি না। এমনটা তো হওয়ার কথা নয়। কিন্তু তারপরও হয়ে গেছে। কী আর বলব।’ বলতে বলতে পাশেই দাঁড়ানো বাংলাদেশের দলের সহকারী স্টাফ মহসিনের দিকে তাকিয়ে বলেন, ‘তুই কোথায় রেখেছিলি শর্টস। ঠিকমতো রাখবি না সবকিছু?’ শুনে মহসিন বলেন, ‘সব ঠিকঠাকমতোই রাখা ছিল। আপনি দেখে পরবেন না?’

দশম মিনিটে বিষয়টা নজরে পড়ে চতুর্থ রেফারির। তিনি ডাগআউটে বাংলাদেশ দলের দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে সঙ্গে জামালকে বলা হয় শর্টস বদলাতে।

শুধু জামাল কেন, রেফারি, সহকারী রেফারি কারও চোখেই বিষয়টা ধরা পড়ল না! অথচ ম্যাচের আগে কয়েকটা ধাপ পেরিয়ে যেতে হয় ফুটবলারদের। অবশেষে দশম মিনিটে বিষয়টা নজরে পড়ে চতুর্থ রেফারির। তিনি ডাগআউটে বাংলাদেশ দলের দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে সঙ্গে জামালকে বলা হয় শর্টস বদলাতে।

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ জানালেন বিস্তারিত, ‘ড্রেসিংরুমে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত সব জার্সি-প্যান্ট পাশাপাশি থাকে। জামাল ভুল করে অন্য শর্টস পরে ফেলেছে। চতুর্থ রেফারি বিষয়টা আমাদের জানানোর পর সঙ্গে সঙ্গে মহসিনকে বলি, ড্রেসিংরুম থেকে ৬ নম্বর শর্টস নিয়ে আসতে। ফলে জামালের আর ড্রেসিংরুমের ভেতরে যেতে হয়নি। ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে শর্টস বদল করে মাঠে ফিরে গেছে।’