
ঢাকার কোনো হোটেল বসে সংবাদ সম্মেলন করছেন ডিয়েগো ম্যারাডোনা! দৃশ্যটা অনেকের কল্পনাশক্তির বড় পরীক্ষাই নিতে পারে। অনেকের হয়তো বিশ্বাসই হতে চাইছে না।
সেটিই স্বাভাবিক। তবে এমন কিছু ঘটলে অবাক হবেন না যেন। বিশ্বায়নের এই যুগে টাকা হলে ‘বাঘের দুধও’ মেলে! এই কথাটাই কাল দিনভর বলে গেলেন ভাস্বর গোস্বামী। কলকাতাভিত্তিক সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক তো বলেই দিলেন, ‘মারাদোনাকে শিগগিরই বাংলাদেশে এনে হাজির করব। সম্ভব হলে ফেব্রুয়ারির মধ্যেই আনতে চাই।’
আনতেই হবে। কেননা, বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করতে হলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ওই একটা শর্তই দিয়েছেন, ‘আগে ম্যারাডোনাকে ঢাকায় এনে সংবাদ সম্মেলন করুন, তারপর আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে নিজেদের কাজ শুরু করব। তার আগে নয়।’
কিন্তু এখন কাজ করতে একটা অনুমতিপত্র তো চাই সেলিব্রেটি ম্যানেজমেন্টের। সেটি কাল দেওয়া হলো। অর্থাৎ বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ করতে তাদের প্রাথমিকভাবে লিখিত একটা চিঠি দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। যেটি হাতে নিয়ে ভাস্বর খুশি, ‘আমরা এখন কাজে আরও গতি আনব।’
তারই অংশ হিসেবে ২৯ জানুয়ারি মাদ্রিদে ম্যারাডোনার সঙ্গে সভায় বসার কথা বললেন তিনি। ওখানে ফ্র্যাঞ্চাইজি লিগের একটা রূপরেখা তৈরি করা হবে। প্রসঙ্গক্রমে বললেন, ‘ম্যারাডোনা শুধু একবার নয়, মোট চারবার বাংলাদেশে আসবেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হতে আর্জেন্টাইন কিংবদন্তি আনুষ্ঠানিক সম্মতি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন।’
টুর্নামেন্টের সঙ্গে বড় বড় বিশ্বতারকাদের রাখা হবে। ভাস্বর জানিয়েছেন, মেন্টর হিসেবে এখন পর্যন্ত সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান পাবলো সোরিনের আসা চূড়ান্ত। ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো আটটি ফ্র্যাঞ্চাইজির একটির সঙ্গে। আরও কিছু বিখ্যাত ক্লাবকে সম্পৃক্ত করার উদ্যোগ নাকি খোদ ম্যারাডোনাই নিয়েছেন!
টুর্নামেন্টের প্রস্তাবিত নাম ‘বাংলাদেশ সুপার সকার।’ এটির মাঠে গড়ানোর সম্ভাব্য সময় আগামী নভেম্বর-ডিসেম্বর। বাংলাদেশে ঢাকার বাইরের ভেন্যু তো মানসম্মত নয়, তাহলে কীভাবে সেখানে খেলা হবে? ভাস্বর এগুলোকে বড় সমস্যা ভাবেন না, ‘বাফুফের সঙ্গে বসে এগুলো আমরা আলোচনা করব। অ্যাটলেটিকো ডি কলকাতার মাঠ যুবভারতীতেও তো অনেক কিছু ছিল না। আমরা করে নিয়েছি। কাজেই বাংলাদেশেও এগুলো হয়ে যাবে।’
ফ্র্যাঞ্চাইজি লিগের অন্যতম বড় প্রাপ্তিই হবে ঢাকার বাইরের কিছু ভেন্যুর সংস্কার। ম্যারাডোনার পা পড়লে তো কথাই নেই! এখন দেখার বিষয়, ম্যারাডোনা কবে নাগাদ বাংলাদেশে পা রাখেন।