শাকিরা-পিকে: যখন দুজন দুজনার

মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না জেরার্ড পিকের। ভুলে যাওয়ার মতো একটা বিশ্বকাপ গেছে এই তো কিছুদিন আগেই। স্পেন দল থেকে বাদ পড়েছেন, নিয়মিত নেই বার্সেলোনার একাদশেও। তবে মাঠের বাইরে সময়টা কিন্তু একেবারেই খারাপ কাটছে না বার্সার এই রক্ষণসেনানির! জীবনসঙ্গিনী শাকিরার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে! উদ্দাম, রোমান্টিক সময় কাটছে দুজনের।
‘দুজন দুজনা’র হয়ে পিকে-শাকিরার সময় কাটানোর নমুনা পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। বার্সা তারকা সম্প্রতি শাকিরাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মেক্সিকোতে। গতকাল ফেসবুক ও টুইটারে ভ্রমণবিলাসের ছবি পোস্ট করেছেন শাকিরা ও পিকে। সেখানে লেখা, ‘মেক্সিকোতে।’ বোঝাই যাচ্ছে দুজনের জীবনই কাটছে রঙিন-আনন্দে। শাকিরা না হয় তাঁর পপ-জগতে ভালোই আছেন। এখন পিকে মাঠের বিবর্ণ পারফরম্যান্সটাকে বর্ণিল করে তুলবেন কবে, সেই প্রশ্ন এখন সবারই।