শান্তির ম্যাচে অশান্তি ঘটালেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও আলোচনায় ম্যারাডোনা। ফাইল ছবি
আবারও আলোচনায় ম্যারাডোনা। ফাইল ছবি

‘ম্যাচ ফর পিচ’। ‘শান্তি’র বার্তা ছড়িয়ে একটা প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল কলম্বিয়ায়। সে ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। শান্তির ম্যাচেই অঘটন ঘটিয়ে বসলেন আর্জেন্টিনা কিংবদন্তি। লাথি মেরে বসলেন এক মাঠকর্মীকে!

ম্যাচ শেষে জনতার ভিড়ে হঠাৎই মেজাজটা বিগড়ে গেল ম্যারাডোনার। দুম করে লাথি মারলেন সামনে থাকা এক মাঠকর্মীকে! কী কারণে এমন কাণ্ড করলেন, তা অবশ্য জানা যায়নি। তবে এতে স্বাভাবিকভাবেই হতবাক অনেকেই। মাঠের বাইরে যা-ই হোক, মাঠে কিন্তু বেশ বিনোদিত করেছেন ম্যারাডোনা। পেনাল্টি থেকে গোল আদায় করে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন। প্রীতি ম্যাচটায় জিতেছে তাঁর দলও, যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচটা অপ্রীতিকর ঘটনার জন্যই আলোচিত হলো বেশি।
মাঠের বাইরে আরও এক কাণ্ড করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গালকে আক্রমণ করেছেন ম্যারাডোনা। ফন গালের প্রতি তাঁর ক্ষোভ কেন? কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালাকাওকে গত পাঁচ ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছেন ইউনাইটেডের ডাচ কোচ। সেটি মোটেও ভালো লাগেনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। কলোম্বিয়ার বোগোতায় প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ম্যারাডোনা তাই ধুয়েই দিলেন ফন গালকে, ‘সে মোটেও ভালো লোক নয়। ফন গাল শয়তানের কাছাকাছি।’