শাপেকোয়েনসই 'চ্যাম্পিয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা সভাপতি থেকে শুরু করে ফুটবলের কিংবদন্তিরা প্রায়ই যে ফুটবলীয় চেতনার কথা বলেন, এটাই বোধ হয় সেই চেতনা। এ কারণেই ফুটবল শুধু একটা মাঠের খেলার চেয়ে বেশি কিছু। কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনাল সেটা আবার প্রমাণ করল। ন্যাসিওনালের অনুরোধে সাড়া দিয়ে ফুটবলীয় চেতনাকেই সবকিছুর ওপরে রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনও (কনমেবল)। বিমান দুর্ঘটনায় বেশির ভাগ খেলোয়াড় হারানো ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কনমেবল। ২০ লাখ ডলার প্রাইজমানিও পাচ্ছে শাপেকোয়েনস। সুদামেরিকানার চ্যাম্পিয়ন হওয়ায় শাপেকোয়েনস খেলবে রিকোপা সুদামেরিকানাতেও, যেখানে তাদের প্রতিপক্ষ কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন সেই অ্যাটলেটিকো ন্যাসিওনালই।
এদিকে শাপেকোয়েনসের খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিবারকে সাহায্য করার জন্য কলম্বিয়ার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিল। আগামী ২২ জানুয়ারি মারাকানা স্টেডিয়ামে হতে পারে এটি। এএফপি।