শাপেকোয়েনসের জয়
গোল, ট্যাকল, ফাউল, হার না-মানা প্রতিদ্বন্দ্বিতা—সবই ছিল ম্যাচে। স্কোরলাইন বলবে, শেষ পর্যন্ত তাতে জয়ী শাপেকোয়েনস। দক্ষিণ আমেরিকান ক্লাব সুপারকাপ ‘রিকোপা সুদামেরিকানা’র প্রথম লেগে অ্যাটলেটিকো ন্যাসিওনালকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের ক্লাবটি। ১০ মে দ্বিতীয় লেগ খেলতে কলম্বিয়ায় গিয়ে এবার শিরোপার উল্লাস করার স্বপ্নও হয়তো দেখছে।
কিন্তু যে ম্যাচের আবহে ছিল শুধুই কৃতজ্ঞতা জ্ঞাপন আর বন্ধুত্ব, সেটিকে শুধু জয়-পরাজয় আর শিরোপা সম্ভাবনার হিসেবে কি আর ব্যাখ্যা করা যায়! গত ডিসেম্বরে এই অ্যাটলেটিকোর মাঠেই কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান শাপেকোয়েনসের খেলোয়াড়-কোচ-কর্মকর্তা, সাংবাদিকসহ ১৯ জন। ওই দুর্ঘটনার পরই অ্যাটলেটিকোর অনুরোধে কোপা সুদামেরিকানার ট্রফিটা তুলে দেওয়া হয় শাপেকোয়েনসের হাতে।
গত সোমবার শাপেকোতে পা রাখার পর অ্যাটলেটিকোর খেলোয়াড়দের তাই ‘চিরদিনের বন্ধু’ বলেই বরণ করে নেন শাপেকোর মানুষ। কাল ম্যাচের আগে, ম্যাচে, ম্যাচের পরও ছিল বন্ধুত্বেরই গান। অ্যাটলেটিকোর শহর মেদেলিনের মেয়র আর শাপেকোর মেয়র দুজনই ছিলেন মাঠে। শাপেকোর মেয়র লুসিয়ানো বুলিগনের গায়ে ছিল অ্যাটলেটিকোর জার্সি, ম্যাচের আগে তিনি বলেছেনও, ‘শাপেকোয়েনস ও ন্যাসিওনাল চিরদিনই ভাইয়ের মতো থাকবে।’ মেদেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেজও বললেন, ‘শাপেকো এখন আমার নতুন বাড়ি। ব্রাজিল আমার বাড়ি। দুঃখজনক এ দুর্ঘটনা থেকেই জন্ম নিল ভ্রাতৃত্ব!’ ম্যাচের আগে মাইক্রোফোন হাতে আবেগাক্রান্ত হয়ে পড়েন দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাপেকোয়েনসের তিন খেলোয়াড় জ্যাকসন ফলম্যান, নেতো ও অ্যালান রুসেলও।
ম্যাচের ৭১ মিনিটে দুর্ঘটনায় মারা যাওয়া ৭১ জনকে স্মরণ করেছে গ্যালারি। জ্বলে উঠেছে দর্শকের হাতে মুঠোফোনের আলো। কে জানে, তাতে অনুপ্রাণিত হয়েই কি না, দুই মিনিট পরই ১-১ ম্যাচে শাপেকোয়েনসকে এগিয়ে দেন লুইজ আন্তোনিও। শেষ পর্যন্ত সেটিই হয়ে যায় জয়সূচক গোল। এর আগে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে শাপেকোয়েনসের রেইনালদোর গোলটি ‘কাটাকাটি’ হয়ে যায় ৫৮ মিনিটে অ্যাটলেটিকোর ম্যাকনেলি তোরেসের গোলে।
ম্যাচটার বিজ্ঞাপন চাইলে এটিকেও ধরতে পারেন, ‘প্রতিপক্ষ’ তোরেসের ওই গোলের পরও পুরো শাপেকোয়েনস গ্যালারি হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছে। অবশ্য ভাইয়ে ভাইয়ে লড়াইয়ে আবার প্রতিপক্ষ কী! রয়টার্স, ইএসপিএন, ডেইলি মেইল।