শাস্তি কমছে সুয়ারেজের?

চার মাসের নিষেধাজ্ঞা সত্ত্বেও লুইস সুয়ারেজের সঙ্গে বার্সেলোনা চুক্তি করল কেন? তবে কি উরুগুইয়ান স্ট্রাইকারের শাস্তি কমছে? আভাস-ইঙ্গিত কিন্তু সে রকমই।
বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ায় সুয়ারেজকে চার মাসের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ এবং বিশাল অঙ্কের জরিমানা করেছে। ডিয়েগো ম্যারাডোনাসহ অনেকেই বলেছেন, তাড়াহুড়ো করে ফিফা সুয়ারেজের প্রতি একটু বেশিই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমনকি যাঁকে কামড়ে দেওয়ায় এই শাস্তি, সেই কিয়েলিনি পর্যন্ত বলেছেন সুয়ারেজের শাস্তিটা বেশিই হয়ে গেছে। সুয়ারেজ অবশ্য শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন ফিফার কাছে। কিন্তু ফিফা সেই আবেদন নাকচ করে দিয়েছে। শেষ ভরসা হিসেবে উরুগুইয়ান স্ট্রাইকার শরণাপন্ন হয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস)। ৮ আগস্ট লুসানে তাঁর আপিলের শুনানি। রায়ে কী হবে, সেটা বলবে সময়। তবে সুয়ারেজের আইনজীবী শাস্তিটা কমবে বলে আত্মবিশ্বাসী।
সাবেক লিভারপুল তারকার আইনজীবী অবশ্য বিষয়টা নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে নারাজ। নীরবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সুয়ারেজের পক্ষ খুবই সচেতন। কিন্তু স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছে, শুনানির পর সিএএস সুয়ারেজকে দৈনন্দিন কাজ অর্থাৎ অনুশীলন করার অনুমতি দিতে পারে। কমাতে পারে শাস্তিও। এমনকি অনেকে শাস্তিটা অর্ধেকে নেমে আসতে পারে বলেও মনে করছেন। এমনটা হলে সেপ্টেম্বরের শুরুতেই বার্সেলোনার হয়ে অভিষেক হয়ে যেতে পারে সুয়ারেজের। খবরটা বিশ্বাস করা না কারাটা আপনার ব্যাপার। তবে এটা জেনে রাখা প্রয়োজন, মার্কা কিন্তু বার্সেলোনার চিরশত্রু রিয়াল মাদ্রিদের মুখপাত্র হিসেবেই পরিচিত।
সুয়ারেজের আইনজীবীকে অনুসরণ করাই শুধু নয়। মার্কা নিজ উদ্যোগে এক ক্রীড়াবিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে ব্যাপারটা নিয়ে পর্যালোচনা করেছে। যিনি একই সঙ্গে সিএএসেরও মধ্যস্থতাকারী। সিএএসের শৃঙ্খলা কমিটি নাকি ফিফার শাস্তিকে অসামঞ্জস্য বলে মনে করছে। ঘটনাটা যেহেতু ফিফা আয়োজিত টুর্নামেন্টের, কাজেই শাস্তির ব্যাপ্তিটা ফিফা আয়োজিত প্রতিযোগিতার বাইরে হওয়া উচিত নয় বলেই মনে করেন তাঁরা। একই রকম ঘটনায় সুয়ারেজ এর আগেও দুবার সাজা ভোগ করেছেন। যুক্তিতর্কে সেই ব্যাপারটাও নাকি সুয়ারেজের পক্ষে তুলে ধরা হবে। সূত্র: মার্কা।