শাস্তি কমলেও 'মুক্তি' মেলেনি ব্ল্যাটার-প্লাতিনির

অনেক আশা নিয়ে ফিফার আপিল কমিটির দিকে তাকিয়ে ছিলেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। প্রত্যাশা ছিল নিজেদের ‘নিরপরাধ’ প্রমাণ করতে পারবেন। কিন্তু আপিল কমিটির রায়ে আশাহত বিশ্ব ফুটবলের দুই মহারথী। রায়ে শাস্তির মেয়াদ দুই বছর করে কমলেও অপরাধের অভিযোগ থেকে মুক্তি মেলেনি তাঁদের।
গত ডিসেম্বরে ফিফার নৈতিকতা কমিটি একটি অভিযোগের তদন্ত শেষে এই দুই ফুটবল ব্যক্তিত্বকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। আপিল কমিটির রায়ে নিষেধাজ্ঞার মেয়াদ এখন ৬ বছর।
নৈতিকতা কমিটি তদন্ত করে জানতে পেরেছে, ২০১১ সালে উয়েফা সভাপতি প্লাতিনিকে দুই মিলিয়ন ডলার দিয়েছিলেন ফিফা সভাপতি ব্ল্যাটার। এই লেনদেনকে নৈতিকতা কমিটি ‘অবৈধ’ বলেছে। ব্ল্যাটারকে তাই আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে। যেকোনো অবৈধ লেনদেন কিংবা দুর্নীতির অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছেন বিশ্ব ফুটবলের এই দুই শীর্ষ কর্তা। ব্ল্যাটার আপিল কমিটির রায়ে নিজের অসন্তুষ্টি ও হতাশার কথা জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এর মীমাংসা করবেন বলে জানিয়েছেন। প্লাতিনি অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
গত বছর মে মাসে ফিফার সভাপতির পদে নতুন করে নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাটার। কিন্তু দুর্নীতির অভিযোগে কিছুদিন পরই পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। ব্ল্যাটারের পদত্যাগের পর তাঁর সবচেয়ে শক্তিশালী উত্তরসূরি ভাবা হচ্ছিল প্লাতিনিকে, যিনি ফিফার সভাপতি পদে নির্বাচনে নিজের প্রার্থিতাও ঘোষণা করেছিলেন। কিন্তু দুর্নীতির অভিযোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারিয়েছেন ফ্রান্স ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। আগামীকাল শুক্রবার ফিফার সভাপতি পদে হতে যাচ্ছে বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর নতুন সভাপতি পেতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সূত্র: এএফপি।