শাস্তি পাচ্ছে ফরাশগঞ্জ-ওয়ারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগে এখন পাতানো খেলা দৃশ্যত নেই বললেই চলে। সদ্য শেষ হওয়া লিগে কোনো পাতানো ম্যাচের অভিযোগ ওঠেনি। লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় ছোট দলগুলো টিকে থাকার জন্য কাউকে পয়েন্ট ছেড়ে দেওয়ার মতো বিলাসিতা দেখানোর অবস্থায় ছিল না। তবে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে দুটি পাতানো ম্যাচের অভিযোগ পেয়ে একটি ম্যাচকে পাতানো বলে কাল রায় দিয়েছে বাফুফে।
ফরাশগঞ্জ-ওয়ারী ম্যাচে ফরাশগঞ্জ জিতেছিল ৩-২ গোলে। এ ম্যাচ নিয়ে অভিযোগ ওঠার পর বাফুফে তা পাঠায় পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির কাছে। তারা ভিডিও দেখে এবং আরও তথ্য সংগ্রহ করে ম্যাচটিকে পাতানো বলেছে। আরামবাগ-অগ্রণী ব্যাংক ম্যাচটিকে অবশ্য ‘নিষ্কলুষ’ বলা হয়েছে।
কাল বাফুফের লিগ কমিটির সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনার পর কমিটির সভাপতি সালাম মুর্শেদী বললেন, ‘ফরাশগঞ্জ-ওয়ারী পাতানো খেলেছে বলে আমরা প্রমাণ পেয়েছি। দুই দল এখন বাইলজ অনুযায়ী শাস্তি পাবে।’
বাইলজে আছে ওই ম্যাচের অর্জিত পয়েন্ট কর্তনের পাশাপাশি জরিমানা হবে আরও ছয় পয়েন্ট। সেই হিসাবে এবার রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওঠা ফরাশগঞ্জের নয় পয়েন্ট কাটা যাওয়ার কথা। তাদের পয়েন্ট ৩৫, তৃতীয় স্থানে থাকা অগ্রণী ব্যাংকের ২৬। নয় পয়েন্ট কাটা গেলে দুদলের পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে রহমতগঞ্জের সঙ্গে কারা উঠবে প্রিমিয়ার লিগে, সেটা নির্ভর করবে বাফুফের পরবর্তী সিদ্ধান্তের ওপর।