শাস্তি পাচ্ছেন পাঁচ ফুটবলার
আনুষ্ঠানিকতার আগেই পর্দার আড়ালে ফুটবলারদের দলত্যাগ বাংলাদেশে খুবই সাধারণ ঘটনা। তবে আবাহনীর দাবি, গত মৌসুমে তাদের দলে খেলা পাঁচ ফুটবলার তপু বর্মণ, আরিফ, হেমন্ত, শাকিল ও জুয়েল রানা চুক্তি শেষ হওয়ার আগেই এবার গোপনে দল ছেড়ে নবাগত সাইফ পাওয়ারটেকে যোগ দিয়েছেন। তাই এই খেলোয়াড়দের এএফসি কাপের জন্য ১৩ দিন অনুশীলনে পাওয়া যায়নি। যদিও টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায় তাঁদের নাম আছে।
পাঁচ ফুটবলার অবশ্য খেলতে এসেছিলেন শেষ সময়ে। কিন্তু লিগ চ্যাম্পিয়ন দলটি তাঁদের ফিরিয়ে নেয়নি। আবাহনীর দেওয়া কারণ দর্শাও নোটিশের জবাবে পাঁচ ফুটবলার বলেছেন, ৩১ ডিসেম্বর তাঁদের চুক্তি শেষ হয়ে গেছে। তবে আবাহনীর উল্টো প্রশ্ন, ৭ জানুয়ারি লিগ শেষ হয়েছে। ৩১ ডিসেম্বর চুক্তি শেষ হয় কীভাবে? তা ছাড়া এই ফুটবলাররা ফেব্রুয়ারিতে শেখ কামাল টুর্নামেন্টে খেলেছেন। সেটা কোন চুক্তিতে খেলেছেন, এই প্রশ্নও তোলা হয়েছে।
এসব নিয়ে দুই পক্ষে নীরব যুদ্ধের মধ্যেই আবাহনীর এক কর্মকর্তা কাল খবর দিলেন, এই পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করে ক্লাবের সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বাফুফেকে।