এখানে-সেখানে ছড়ানো-ছিটানো কাচের টুকরো। ভবনের দেয়ালের কাচগুলো ভাঙা। দ্বিতীয় তলার সভাকক্ষের টেবিলের ওপর বেশ কয়েকটি ইটের টুকরো। সভাপতি কাজী সালাউদ্দিনের কক্ষও এলোমেলো। সভাপতির চেয়ারটার পেছনে এক গাদা কাচের টুকরো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পরশু আরামবাগ ক্রীড়া সংঘের সমর্থকদের চালানো তাণ্ডবলীলার সাক্ষী এসব কাচের টুকরো, ইট এবং ফুলের ভাঙা টব। ভবনের নিরাপত্তায় থাকা কর্মচারীদের চোখে-মুখে কালও দেখা গেছে উদ্বেগের ছায়া।
ভবনে হামলার পর পরশু রাতেই আরামবাগ ক্লাবে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ২৪ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় মতিঝিল থানায়। এ ঘটনার পরই ফুটবল ফেডারেশন বাদী হয়ে মামলা করে মতিঝিল থানায়। ১৪৩/৪৪৮/৪২৭/৩৪ ধারায় করা হয়েছে মামলাটি। মামলা নম্বর ৩১। মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। গত পরশু আটক সমর্থকদের মধ্যে ২২ জনকে কাল আদালতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
কাল দুপুরে পুলিশ এসে ভবনে হামলার বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। ভবনে আপাতত পুলিশি প্রহরা থাকছে। তবে সেটি আরও দীর্ঘমেয়াদি করারই চিন্তাভাবনা করছেন বাফুফে কর্মকর্তারা। ভবনের প্রধান ফটকে এবং চারতলায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোরও পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বাংলাদেশের ফুটবলের জন্য কলঙ্কিত একটা অধ্যায় হয়ে রইল এ ঘটনা। চ্যাম্পিয়নশিপ লিগে পুলিশের কাছে হেরে এভাবে সমর্থকদের ভবন আক্রমণ করা মোটেও উচিত হয়নি বলে স্বীকার করলেন আরামবাগ ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর। পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চাইলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটা খুবই অন্যায় হয়েছে। এ জন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাইনি। আমাদের ক্লাবটা অনেক পুরোনো। বিগত সময়ে এমন কোনো বাজে রেকর্ড আমাদের নেই। এখন বাফুফে আমাদের যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে দেব।’
শাস্তি এড়াতে পারবে না ক্লাবটি, এটি প্রায় নিশ্চিত। তবে শাস্তি কেমন মাত্রার হতে পারে সেটি এখনই বলতে চাইলেন না বাফুফের সাধারণ সম্পাদক। আগামী সপ্তাহের কার্যনির্বাহী কমিটির সভায় এ ঘটনার ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারির রিপোর্ট, দৈনিক পত্রিকার কাটিং উত্থাপন করা হবে। বাংলাদেশ পুলিশ ও আরামবাগের মধ্যকার ম্যাচটি নিয়ে ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনও পেয়েছে বাফুফে।