শাস্তি পেতেই হচ্ছে বোকাকে
সমর্থকদের ভুলের মাশুল গুনতে হয় ক্লাবকে। বোকা জুনিয়র্সকে গুনতে হচ্ছে সেই মাশুল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেস থেকে বের করে দেওয়া হতে পারে ডিয়েগো ম্যারাডোনার শৈশব-কৈশোরের দলটিকে।
গত বৃহস্পতিবার বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠ ছেড়ে যাওয়ার মুখে অতিথি ফুটবলারদের ওপর চড়াও হয় স্বাগতিক বোকা সমর্থকেরা। গ্যালারি থেকে পানির বোতল, ইটের টুকরো তো ছোড়া হয়ই, ফুটবলারদের লক্ষ্য করে ছিটিয়ে দেওয়া হয় মরিচের গুঁড়াও। আক্রান্ত চার ফুটবলারকে নিতে হয় হাসপাতালে। সমর্থকদের এই উগ্র আচরণের নিন্দা জানিয়েছে বোকা জুনিয়র্স ক্লাব কর্তৃপক্ষ এবং ক্ষমা চেয়েছে রিভার প্লেটের কাছে। তবে নিষ্কৃতি এতে মিলছে না। শাস্তি যে পেতেই হচ্ছে, সেটি ধরেই নিয়েছেন বোকার ম্যানেজার রুদলফো আরুয়াবারেনা, ‘যা ঘটেছে সেটা ফুটবলের জন্য বিব্রতকর। কনমেবল (সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন) যে সিদ্ধান্তই নিক না কেন, আমাদের শ্রদ্ধা জানাতে হবে।’ শাস্তি কী হয় সেটাই এখন দেখার!
আর্জেন্টিনার ফুটবলে দাঙ্গা-হাঙ্গামা বেড়েই চলেছে। দর্শক হাঙ্গামায় এ বছর দেশটিতে মৃতের সংখ্যা তিন। গত বছর এবং তার আগের বছর মারা যান ১৫ এবং ১২ জন! এএফপি, রয়টার্স।