শাস্তি পেল বারিধারা-ফেনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বারিধারা ও ফেনী সকারের সামনে বাঁচার কোনো পথ খোলা ছিল না। বাফুফের বাইলজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দল দুটি গত ৪ জানুয়ারি প্রিমিয়ার লিগ থেকে অবনমন নির্ধারণী প্লে-অফ খেলতে মাঠেই আসেনি। না খেলার শাস্তি সরাসরি অবনমন। মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বাফুফের শৃঙ্খলা কমিটি কাল সেই সিদ্ধান্তই দিয়েছে আনুষ্ঠানিকভাবে।
দুই দলই পেশাদার লিগ থেকে অবনমিত হয়ে এখন খেলতে হবে দ্বিতীয় স্তরে। সঙ্গে পাঁচ লাখ টাকা করে জরিমানা। এক মাসের মধ্যে টাকা না দিলে আরও শাস্তি।
অবশ্য এই দুই দলের একটি এমনিতেই এবার প্রিমিয়ার লিগ থেকে নেমে যেত। পাঁচ লাখ টাকা জরিমানা ছাড়া সেই হিসাবে দল দুটির গায়ে খুব একটা আঁচড় লাগল না। শাস্তিটা তাই কম হয়ে গেল কি না, সেই প্রশ্ন আছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অবশ্য বলছেন, ‘যে শাস্তিটা দেওয়া হয়েছে, এর বাইরে বাইলজ কাভার করে না।’ আরও বড় শাস্তি হবে কি না, সেটা বাফুফের নির্বাহী কমিটির ওপর ছেড়ে দিয়েছেন তিনি। তবে অতীতে দেখা গেছে বাফুফে কঠোর হতে পারে না।
ওদিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবার প্রিমিয়ারে ওঠা ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে। চ্যাম্পিয়নশিপ লিগে ২ জানুয়ারি সাইফ স্পোর্টিংয়ে সঙ্গে ম্যাচের পর তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে রেফারির দিকে তেড়ে যাওয়াসহ আর কিছু ‘অপরাধ’ করেছে। শাস্তি পেয়েছে সাতক্ষীরা জেলাও। গত মাসে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেও না খেলায় সাতক্ষীরাকে এক লাখ টাকা জরিমানার সঙ্গে অংশগ্রহণ ফি বাবদ পাওয়া ৪০ হাজার টাকাও ফেরত দিতে হবে।