শাস্তির মুখে জিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং শুরু করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। একসময় ফ্রান্সের কোচ হতে চান, সেটি সরাসরি বলেছেন কদিন আগেও। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে বোধ হয় একটা বড় ধাক্কাই খেলেন জিনেদিন জিদান। যথাযথ যোগ্যতা ছাড়াই নাকি তিনি রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ হয়েছেন বলে অভিযোগ করেছে স্পেনের জাতীয় কোচদের সংস্থা সিইএনএএফই। যে অভিযোগ প্রমাণিত হলে ৪ থেকে ১৬ ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি। অথবা নিষিদ্ধ হবেন এক থেকে ছয় মাসের জন্য!
রিয়াল মাদ্রিদের সহকারী কোচের পদ ছেড়ে ‘বি’ দল কাস্তিয়ার কোচ হয়েছিলেন জিদান। শুরুটা অবশ্য সুখকর হয়নি। স্পেনের তৃতীয় বিভাগে প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে জিদানের দল। পয়েন্ট তালিকায় নিজেদের গ্রুপে ২০ দলের মধ্যে নিচের দিক থেকে তিন নম্বরে। কিন্তু জিদানের দুঃসময় শুধু এই কারণে নয়। সিইএনএএফই স্প্যানিশ লিগ কমিটির কাছে অভিযোগ করেছে, যথাযথ লাইসেন্স ছাড়াই কাস্তিয়ার কোচের দায়িত্ব পালন করছেন জিদান। নিয়মানুযায়ী এই পর্যায়ে কোচিং করাতে একজন কোচের অবশ্যই লেভেল-৩ জাতীয় ডিপ্লোমা লাইসেন্স থাকতে হয়। জিদানের সেটা নেই! সিইএনএএফই সভাপতি মিগুয়েল গালান বলেছেন, ‘হতে পারে রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াপ্রতিষ্ঠান। কিন্তু অন্য সব ক্লাবের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, সেটা রিয়ালকেও মেনে চলতে হবে।’
এদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ দাবি করেছে, কাস্তিয়ার কোচ আসলে সার্জিও সানচেজ। জিদান তাঁর সহকারী। কিন্তু সেটা আমলে নিচ্ছে না সিইএনএএফই। কাস্তিয়ার বিভিন্ন ম্যাচের ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে দেখিয়ে সংস্থাটি দাবি করেছে, মাঠে জিদানই প্রধান কোচের ভূমিকা পালন করছেন। এমনকি রিয়ালের ওয়েবসাইটেও নাকি জিদানকেই কাস্তিয়ার কোচ দেখানো হয়েছে।
জিদান কিন্তু এ বিষয়ে চুপ করে আছেন শুরু থেকেই! মার্কা, ডেইলি মেইল।