শাস্তির মেয়াদ কমল মারুফুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি কমানোর জন্য ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে আবেদন করেছিলেন মারুফুল হক। গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের ট্রেবলজয়ী কোচের আবেদনে কাল সাড়া দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। এক বছরের নিষেধাজ্ঞা কমিয়ে করা হয়েছে ছয় মাস। এর মানে গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া শাস্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ২৪ ফেব্রুয়ারি। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানার অঙ্কটাও আর গুনতে হচ্ছে না তাঁকে।
শেখ রাসেলের কোচ থাকা অবস্থায় বাফুফে কর্মকর্তাদের সমালোচনা করায় তিনি আচরণবিধি ভেঙেছিলেন বলে অভিযোগ আনে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। যে ‘অপরাধ’-এর কারণে যে শাস্তি দেওয়া হয়, তা নিয়ে ফুটবল অঙ্গনে বিস্ময় ও ক্ষোভ ছিল অনেকের মনেই। কাল শাস্তি কমার সিদ্ধান্ত শোনার পর প্রথমে কোনো মন্তব্য করতেই রাজি হননি মারুফুল। ‘আগে আমি আপিলের সিদ্ধান্তের কাগজ হাতে পাই, এরপরই এ বিষয়ে কথা বলব’ বলার পর অবশ্য যোগ করলেন, ‘আমি যত দিন কাজ করব, তত দিন এমন বাধা আসবেই। তবে আমার সামনে কোনো অসংগতি দেখলে আমি তা নিয়ে কথা বলবই।’