শিকল পরানো হচ্ছে মেসি-নেইমারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনরিকে এসেই তারকা খেলোয়াড়দের ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন
এনরিকে এসেই তারকা খেলোয়াড়দের ঘাম ঝরাতে শুরু করে দিয়েছেন

সব শিকল তো আর খারাপ নয়। যদি সেটা হয় নিয়মের। শৃঙ্খলার। দলীয় স্বার্থের কথা ভেবে। এরই মধ্যে নিজেকে ‘কড়া হেডমাস্টার’ বানিয়ে তোলা বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকে বুঝিয়ে দিয়েছেন, সামান্য ছাড়টুকুও দেবেন না। এবার ক্লাবের বড় তারকাদের হাতে ধরিয়ে দেওয়া হলো লিস্টি। যে তালিকায় দেওয়া আছে কী কী করা দলের খেলোয়াড়দের জন্য সর্বৈব নিষিদ্ধ। এই তালিকা দেখলে অবশ্য যে কেউ ভাবতে পারেন, তালিকা তো নয়, বিধি-নিষেধের শিকল!
পূর্বসূরি জেরার্ডো মার্টিনো বিধি-নিষেধের ব্যাপারে খুবই আলগা গেরোর ছিলেন বলেই শোনা যায়। খুব একটা শাসন-টাশন তাঁর ধাতে ছিল না। অনেকেই মনে করেন, বার্সেলোনার গত মৌসুমের ব্যর্থতা এবং মার্টিনোর ‘টাটা’ হয়ে যাওয়ার পেছনে এটাও একটা কারণ। এনরিকে তাই বোধ হয় কোনো ঝুঁকি নিতে চান না।
কিন্তু ‘এনরিকে-শাসনবিধি’তে কী কী আছে? ফিরিস্তিটা শুনুন। অনুশীলন শুরুর এক ঘণ্টা আগেই সবাইকে পৌঁছে যেতে হবে। সব খেলোয়াড়কেই ঠিক ঠিক সময়ে খাবার খেতে হবে। খাবারে কোনো ধরনের অ্যালকোহল চলবে না। খেলার দুই দিন আগে থেকেই সবাইকে মাঝরাতের আগেই বাড়ি ফিরতে হবে, নৈশ ক্লাবে থাকা চলবে না। খেলোয়াড়দের সব ধরনের বিবৃতি যেন সম্মানজনক হয়, টুইটার-ফেসবুক ব্যবহার করতে হবে সতর্কতার সঙ্গে। ক্লাবের সব কার্যক্রমে ক্লাবের পোশাক অবশ্যই পরতে হবে। স্কিয়িং, মোটরসাইকেল চালানো, ডাইভিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ খেলোয়াড়েরা করতে পারবে না।
তালিকাটা লম্বাই। নিয়ম ভাঙলে ১ থেকে ৬ হাজার ইউরো পর্যন্ত জরিমানা, কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া, এমনকি অপরাধ গুরুতর হলে ক্লাব থেকে বহিষ্কৃত হতে পারেন খেলোয়াড়েরা!
জানা গেছে, এর অনেকগুলোই গার্দিওলা-জমানায় বলবত্ ছিল। কিন্তু তারকাবহুল দলে নিজের কর্তৃত্বের লাগামটা টেনে ধরতে ব্যর্থ হন মার্টিনো। এনরিকে তাই কয়েক ধাপ কড়া হিসেবেই আবির্ভূত হলেন। যেমন, গার্দিওলা বিভিন্ন উদযাপন-উপলক্ষে অ্যালকোহলের ব্যাপারে ছাড় দিতেন। কিন্তু এ ব্যাপারে কোনো ছাড় দেবেন না এনরিকে।
ক্লাবের প্রতি, ক্লাবের সিদ্ধান্তের প্রতি আনুগত্যের কোনো ঘাটতিও সহ্য করা হবে না। সেস্ক ফ্যাব্রিগাসকে ছেড়ে দেওয়ার পর জেরার্ড পিকের নাখোশ মন্তব্য আরও বেশি নাখোশ করেছে কোচকে। এ কারণে কথাবার্তায় সব খেলোয়াড়কে সাবধান থাকতে হবে। আপাতত ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে কোনো বিধি-নিষেধ নেই। তবে এটি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বুঝতে পারলে মৌসুমের মাঝপথে নিষিদ্ধও হয়ে যেতে পারে।
এরই মধ্যে কয়েক মিনিট দেরিতে অনুশীলনে আসায় পিকে জরিমানা গুনেছেন। মেসির খাবারের তালিকা থেকে তাঁর ভীষণ প্রিয় লাল মাংস বাদ দেওয়া হয়েছে। নেইমার-সংদের মতো ফ্যাশন-দুরস্ত খেলোয়াড়দের বলে দেওয়া হয়েছে ম্যাচের আগে ও পরে রং-বাহারি পোশাক পরা চলবে না।
নিয়মশৃঙ্খলার ব্যাপারে সম্ভবত অ্যালেক্স ফার্গুসনকে অনুসরণ করছেন এনরিকে। অবশ্য বিধি-নিষেধের তালিকায় কাউকে কামড়ানো যাবে না—এ ধরনের কিছু নেই। এটা নিশ্চয়ই বার্সায় নাম লেখানো লুইস সুয়ারেজের জন্য একটা স্বস্তির সংবাদ!