প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথায় বন্দুক ঠেকিয়ে ক্রীড়া তারকাদের সবকিছু কেড়ে নেওয়া ব্রাজিলে একরকম নৈমিত্তিক ঘটনা। নতুন করে কে এর শিকার হলো সেটাই বরং লাতিন দেশটিতে কৌতূহলের বিষয়! এবার ‘ডাকাতি’র শিকার ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সাবেক কোচ লুই ফেলিপে স্কলারি। না, বন্দুকের নলের দেখা পাননি তিনি, তবে রাস্তায় পার্ক করা গাড়ি থেকে খুইয়েছেন ক্রেডিট কার্ড এবং চেকবই। গত মঙ্গলবারের ঘটনা। পোর্তো আলেগ্রের নভো হামবুর্গোয় গাড়ি পার্ক করিয়ে এক দোকানে গিয়েছিলেন। এসে দেখেন গাড়ির কাচ ভাঙা। ক্রেডিট কার্ড, ব্যাংকের চেকবই গায়েব। এ নিয়ে পুলিশের কাছে রিপোর্ট করলে খবরে আসেন গত বছর গ্রেমিওতে যোগ দেওয়া স্কলারি। মাঠেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। লিগে সপ্তম অবস্থান থাকায় কোপা লিবার্তাদোরেসে খেলতে পারবে না গ্রেমিও। এএফপি, ইয়াহু নিউজ।