শিকে ছিঁড়বে মেসির?

ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন। পেয়েছেন নেইমার, ইব্রাহিমোভিচও। এবার কি তাহলে লিওনেল মেসি? পরশু ফিফার বর্ষসেরা গোলের পুসকাস পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মেসির কোপা ডেল রের ফাইনালে করা গোলটা ঠাঁই পেয়েছে। মেসির আর্জেন্টাইন সতীর্থ কার্লোস তেভেজও আছেন ১০ জনের তালিকায়। তালিকায় আছে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রের কাইলি লয়েডের গোলটাও।
এর আগে তিনবার মনোনয়ন পেলেও একবারও পুরস্কারটা পাননি মেসি। এবার পাবেন কি না জানুয়ারিতেই জানা যাবে। তবে বিলবাওয়ের সঙ্গে মেসির করা সেই গোলটি হয়তো অনেকেরই চোখে লেগে আছে। চার ডিফেন্ডারকে ঘোল খাইয়ে করা গোলটা ছিল অসাধারণ। জুভেন্টাসের হয়ে তেভেজের গোলটা গত বছর পারমার সঙ্গে সিরি ‘আ’তে। তেভেজের গোলটা যেমন দুর্দান্ত এক দৌড়ে, তালিকায় বেশির ভাগ গোলই এ রকম দারুণ কোনো দৌড় বা অবিশ্বাস্য ভলি বা শটে করা। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ৪৫ গজ দূর থেকে রোমার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির গোলটাও অনেকেরই মনে সজীব থাকার কথা। এএফপি।