শিগগির ফিরছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমে অনুশীলন করছেন রোনালদো। ছবি-ইনস্টাগ্রাম।
জিমে অনুশীলন করছেন রোনালদো। ছবি-ইনস্টাগ্রাম।

হাঁটুতে চোট পেয়েছিলেন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গত ১০ জুলাইয়ের সেই ম্যাচে প্রথমার্ধে যে মাঠ ছেড়েছিলেন, এরপর আর ফেরা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। তাঁকে ছাড়াই নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ, অধিনায়ককে ছাড়া জাতীয় দল পর্তুগালও পেয়েছে জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয়। কিন্তু রোনালদোকে ছাড়া রিয়ালকে যেমন রিয়াল মনে হয় না, পর্তুগালও তো তেমনি অসম্পূর্ণ। কবে ফিরবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার?
রিয়াল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি এখনো, কিছু জানায়নি পর্তুগালও। তবে রোনালদো নিজে একটা আভাস দিয়ে দিলেন ইনস্টাগ্রামে। দুদিন আগে রিয়ালের মাঠে অনুশীলনের ছবি দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। সঙ্গে লিখেছেন—‘শিগগির’।
বোঝাই যাচ্ছে, মাঠে ফিরতে আর খুব বেশি দেরি নেই রোনালদোর। ইনস্টাগ্রামে এর পরে আরও একটা ছবি দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার, যেখানে দেখা যাচ্ছে, নিজের জিমে অনুশীলন করছেন তিনি। এই ছবির ক্যাপশনে লিখেছেন—‘দ্বিগুণ পরিশ্রম করছি।’
ধারণা করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে হয়তো ১০ সেপ্টেম্বর বার্নাব্যুতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচেই ফিরতে পারেন রোনালদো। এর চার দিন পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ খেলবে রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে। গোল ডটকম।