শিরোপার উল্লাস ধানমন্ডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা নিশ্চিত করে উল্লাস শেখ জামাল ফুটবলারদের ছবি: বাফুফের সৌজন্যে
শিরোপা নিশ্চিত করে উল্লাস শেখ জামাল ফুটবলারদের ছবি: বাফুফের সৌজন্যে

আগেভাগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলে নিতে আজ মোহামেডানের বিপক্ষে জয় দরকার ছিল শেখ জামালের। সেই জয়টা তুলে নিতে একেবারেই ভুল হয়নি মামুনুল-বাহিনীর। ঐতিহ্যবাহী মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে পেশাদার ফুটবল লিগের তৃতীয় শিরোপাটা নিশ্চিত করে ফেলেছে তারা।
দুই ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল। চ্যাম্পিয়ন ট্রফিটা অবশ্য আজই হাতে পেয়ে গেছে ধানমন্ডির জায়ান্টরা।
২০০৬-০৭ মৌসুম থেকে চালু হওয়া পেশাদার ফুটবল লিগের সর্বোচ্চ চারটি শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। তৃতীয় শিরোপা জিতে আবাহনীর গায়ে নিঃশ্বাস ফেলছে জামাল। আরেক জায়ান্ট মোহামেডানের জন্য এখনো পেশাদার লিগের শিরোপা অধরাই হয়ে আছে।
জামালের শিরোপা জয়ের ম্যাচে মোহামেডান কিন্তু তাদের পরীক্ষাই নিয়েছে। খেলার একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল তারাই। কিন্তু জামালের অভিজ্ঞতা ও কুশলতার কাছে হার মেনে শেষ অবধি হারই মেনে নেয় সাদা-কালোরা।

মোহামেডান কিন্তু আজ ভালোই পরীক্ষা নিয়েছে জামালের ছবি: বাফুফের সৌজন্যে
মোহামেডান কিন্তু আজ ভালোই পরীক্ষা নিয়েছে জামালের ছবি: বাফুফের সৌজন্যে

খেলার প্রথম গোলটি অবশ্য পায় শেখ জামালই। ৩৩ মিনিটে মামুনুলের কর্নার থেকে এমেকা ডার্লিংটন হেড আশ্রয় নেয় মোহামেডানের জালে।
পাঁচ মিনিটের মধ্যেই খেলায় ফিরে আসে মোহামেডান। বাম দিক দিয়ে বাড়ানো ইসমাঈল বাঙ্গুরার ক্রসটিকে গোলে পরিণত করেন কুশলী জুয়েল রানা। ম্যাচের ৪৫ মিনিটে মোহামেডানকে ২-১ গোলে এগিয়ে দেন বাঙ্গুরা। অরূপ বৈদ্যর ক্রস থেকে বাঙ্গুরা গোল করে আনন্দে ভাসান পশ্চিম গ্যালারির একাংশকে।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচটি। ৫৫ মিনিটে এমেকার ক্রস থেকে গোল করে জামালকে সমতায় ফেরান ওয়েডসন। সমতা আসার একটু আগেই অবশ্য জুয়েল রানা জামাল গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে একা পেয়েও গোল করতে পারেননি।
৭০ মিনিটে শেখ জামালকে ৩-২ গোলে এগিয়ে দেন ডারবো ল্যান্ডিং। মোহামেডান বক্সের একটু বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকটি চমৎকারভাবে জালে ফেলে দলকে শিরোপার একেবারে কাছে পৌঁছে দেন ল্যান্ডিং।