শিরোপার উৎসব রূপ নিল খুনে চেহারায়!

২৭ বছর পর কলম্বিয়ার কোনো দল দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরল। এই গৌরবের ঘটনা রূপ নিল খুনে চেহারায়। অ্যাটলেটিকো ন্যাসিওনাল কোপা লিবার্তাদোরেস জেতার পর দেশটিতে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে। কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ।
ঠিক কী কারণে সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে এ ব্যাপারে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। সরকারি বিবৃতিতেই স্বীকার করে নেওয়া হয়েছে তিনজনের মারা যাওয়ার খবর। দুজন মারা গেছেন বোগোতায়, আরেকজন মেদেলিনে। ন্যাসিওনালের এই শহরেই হয়েছিল লিবার্তাদোরেসের ফাইনালের ফিরতি লেগ।
এর আগে বোগোতার মেয়র টুইটারে জানিয়েছিলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা, কমপক্ষে ১০০টি মারামারির ঘটনা ঘটেছে, নয়জন জখম হয়েছেন, বোগোতায় মারা গেছেন দুজন। আমাদের সভ্য হয়ে থাকার রীতি জানতে হবে।’
ইকুয়েডরের ক্লাব ইন্দিপেনদিয়েন্তের বিপক্ষে ফাইনালটি দেখতে রাজধানী বোগোতায় বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিলেন। এরই কয়েকটি জমায়েতে মারামারি ছড়িয়ে পড়ে। সেখানে ১৪০টিরও বেশি অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া গেছে। অন্য দিকে মেদেলিনে এ রকম ১৬৩টি ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ। এই শহরে মারা গেছেন ২২ বছর বয়সী এক সমর্থক। আহত হয়েছেন ৩০ জন।
১৯৮৯ সালের পর প্রথম দক্ষিণ আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়নস লিগ জিতল ন্যাসিওনাল। ২০০৪ সালের পর এই প্রথম কলম্বিয়ারই কোনো ক্লাব জিতল এই ট্রফি। সূত্র: এএফপি।