শিরোপার সুবাস পাচ্ছে বার্সা
রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন সম্ভাব্য সবকিছুই। আরও অনেক কিছুই হয়তো জিতবেন। কিন্তু পরশুর পর থেকে একটা আফসোস তাড়িয়ে বেড়াবে সিআর-সেভেনকে। যে ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের, সেটিতেই কিনা পেনাল্টি মিস করে বসলেন! ভ্যালেন্সিয়ার সঙ্গে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে রিয়াল, মাত্র দুই ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার চেয়ে এখন পিছিয়ে ৪ পয়েন্টে। অথচ রোনালদো গোলটা করতে পারলে গল্পটা অন্য রকমও হতে পারত।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও বুঝতে পারছেন, লা লিগা এখন মুঠো থেকে বেরিয়েই গেছে। অ্যাটলেটিকো ও দেপোর্তিভোর সঙ্গে সামনের দুই ম্যাচের একটিতে জয় পেলেই চলে বার্সার। পরশু নেইমার ও পেদ্রোর গোলে রিয়াল সোসিয়েদাদকে (২-০) হারিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচটা কঠিন ধরলেও দেপোর্তিভোর সঙ্গে নিজেদের মাঠে না জেতাটা হবে বিশাল অঘটন। গত জানুয়ারিতেই আগের দেখায় তাদের মাঠে গিয়ে ৪-০ গোলে জিতে এসেছে বার্সা।
মনে যা-ই থাকুক, আনচেলত্তি মুখে আশাবাদেরই গান গাইছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। এ মুহূর্তে ছোট ছোট ভুলের জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। বাকি দুই ম্যাচে জেতার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের।’ পরশুই আবার জুভেন্টাসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে প্রস্তুতিটা মনমতো হলো না রিয়ালের। আনচেলত্তি অবশ্য ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচটাকেই নিচ্ছেই প্রেরণা হিসেবে, ‘আমরা কেমন খেলেছি, সেটি দেখাচ্ছে না আমাদের ফলটা। এই ম্যাচ থেকে আমাদের ইতিবাচক অনেক কিছু খুঁজে নেওয়ার আছে। এ রকম খেলতে পারলে বুধবার আমরা খারাপ করব না।’
পরশুর ড্রয়ের জন্য আনচেলত্তি দুর্ভাগ্যকেও দায়ী করতে পারেন। প্রথমার্ধেই রিয়ালের তিনটি শট পোস্টে প্রতিহত হয়েছে। রক্ষণের ভুলের দায়টা অবশ্য নিজেদেরই নিতে হবে, ২৫ মিনিটে আলকাসার ও ফুয়েগোর গোলে ভ্যালেন্সিয়া ২-০ গোলে এগিয়ে গেছে রক্ষণেরই ভুলে। আর ৪৫ মিনিটে রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন গোলকিপার আলভেজ।
বিরতির পর ৫৬ মিনিটে পেপের গোলে ব্যবধান কমায় রিয়াল। ৮৪ মিনিটে ইসকোর দুর্দান্ত গোলে সমতা ফেরানোর পর মনে হচ্ছিল, জিতেই যাবে। সেটা আর শেষ পর্যন্ত হয়নি। এএফপি।