শিরোপা জিতিয়ে 'অপহৃত' কন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কস্তা-লুইজ ‘অপহরণ’ করছেন কন্তেকে। ছবি: টুইটার
কস্তা-লুইজ ‘অপহরণ’ করছেন কন্তেকে। ছবি: টুইটার

দলকে সাফল্য এনে দেওয়ার পুরস্কার অনেক কিছুই হয়। বাড়তি বেতন-বোনাস, নতুন মডেলের বিলাসবহুল গাড়ি—অনেক কিছু। তবে আন্তোনিও কন্তে ভিন্ন এক পুরস্কারই পেলেন। শিরোপা জেতার পর ‘অপহরণ’ করা হয়েছে চেলসি কোচকে!
‘অপহরণ’ শব্দটা হয়তো একটু বাড়াবাড়িই হয়ে যায়। তবে ইংল্যান্ডের সংবাদমাধ্যম ও চেলসির অফিশিয়াল টুইটার পেজ ঠিক এই শব্দটিই ব্যবহার করেছে। কাল ওয়েস্টব্রমকে ১-০ গোলে হারানোর পরই নিশ্চিত হয়ে যায় ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা ‘ব্লুজ’দের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উচ্ছ্বাসে ভাসতে ভাসতে নিজের আনন্দের কথা জানাচ্ছিলেন কন্তে। ভবিষ্যতে আরও কিছু পাওয়ার আশাও ছিল তাঁর কথাবার্তায়। এই সময় সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে কোচকে রীতিমতো ধরে-বেঁধেই তুলে নিয়ে যান দুই তারকা ডিয়েগো কস্তা ও ডেভিড লুইজ। ম্যাচের পরই শিরোপা জয়ের আনন্দে চেলসি ড্রেসিংরুমে শুরু হয়েছিল উৎসব। এই উৎসব থেকে কন্তেকে চলে আসতে হয়েছিল নির্ধারিত সংবাদ সম্মেলনে। ব্যাপারটা ‘পছন্দ’ হয়নি কস্তা-লুইজদের। তাই ‘বাধ্য হয়ে’ই কোচকে তুলে নিয়ে যান নিজেদের উৎসবে। এ ঘটনাকেই মজা করে ‘অপহরণ’ বলছে ইংলিশ পত্রিকাগুলো।
এই উৎসব কন্তেকে ছাড়া কীভাবে-ই-বা করবেন চেলসি ফুটবলাররা! দারুণ সব নামের সঙ্গে লড়াই করেই তো চেলসিকে ইংলিশ লিগ জেতালেন এই ইতালীয় কোচ। পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ, আর্সেন ওয়েঙ্গার, মরিসিও পচেত্তিনো—তাঁর প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোচদের নামের তালিকাটা একবার দেখুন। এবারের প্রিমিয়ার লিগ যে দারুণ জমজমাট হতে যাচ্ছে, সে ইঙ্গিত প্রথম থেকেই ছিল। কিন্তু লড়াই হলো কই? দুই ম্যাচ আগেই শিরোপার মীমাংসা হয়ে গেল। এক পচেত্তিনোর টটেনহামই যা একটু লড়তে পেরেছে চেলসির সঙ্গে। বাদবাকি সবাই শীর্ষ চারে জায়গা করে নিতেই ব্যস্ত, কন্তেকে ছোঁয়ার চেষ্টায় যে আগেই যবনিকা টেনেছেন তাঁরা।
গত মৌসুমে রূপকথা লিখে প্রিমিয়ার লিগ জিতে নিয়েছিল লেস্টার সিটি। ভরাডুবি হয়েছিল চেলসির। ২০১৫ সালে প্রিমিয়ার লিগ জেতা চেলসি গতবার হয়েছিল দশম—ভরাডুবিই তো! লেস্টার-চমকে অবশ্য কিছুটা হলেও চাপা পড়েছিল চেলসির সেই ভরাডুবি। দায়িত্ব নেওয়ার পরপরই কন্তে আশা দেখিয়েছিলেন, ‘ছোট একটা শিখা এখনো জ্বলছে দপদপ করে। আশা করি সবাইকে চমকে দিয়ে সেটাকেই দাবানলে রূপ দিতে পারব।’
সেটি করেই দেখালেন কন্তে। ‘অপহরণ’ যদি করতেই হয়, এমন কোচকেই তো করা উচিত!