শিরোপা জিতেও শেষ হয়ে গেল ফন গালের?

ম্যাচ তখন শেষ হয়েছে মাত্র। ওয়েম্বলিতে ওয়েইন রুনিরা এফএ কাপ জেতার উৎসবও তখনো শেষ করতে পারেনি। হঠাৎ করেই বিবিসি, স্কাই স্পোর্টস খবর দিল, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে লুই ফন গালকে সরে যেতে হচ্ছে। নতুন কোচ হচ্ছেন হোসে মরিনহো। সেটা দু–এক দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।
এখন পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ইউনাইটেড কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেই রেখেছে। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঠিকই অপ্রিয় প্রশ্নটার মুখোমুখি হতে হলো ফন গালকে। কী অদ্ভুত, তিন বছর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো শিরোপা জিতলেন। তাও আবার যেটির জন্য ১২ বছর ধরে অপেক্ষা করছে ইউনাইটেড। অথচ প্রশ্ন উঠল তাঁর বিদায় নিয়েই!
ফন গাল অবশ্য সরাসরি জানিয়ে দিলেন, এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। বারবার এ নিয়ে জানতে চাওয়া হলে সংবাদ সম্মেলন শেষ করে দেওয়ারও হুমকি দিয়েছেন। পরে অবশ্য ওয়েইন রুনি, ক্রিস স্মলিং সবাইকেই এই প্রশ্নটাই শুনতে হয়েছে। রুনি স্বীকার করলেন, এই মৌসুমটা ভালো কাটেনি, ‘অবশ্যই আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। এই মৌসুমে আমরা সেটি অর্জন করতে পারিনি।’ ফন গালের বিদায় নিয়েও রুনি নিজের অসন্তোষ জানিয়ে দিলেন, ‘দেখুন, একজন কোচ একটা শিরোপা এনে দেওয়ার পরেই তাঁর বিদায় নিয়ে কথা হচ্ছে, ব্যাপারটা অন্যায্য। তিনি এখনো আমাদের কোচ। আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।’ কাল পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন রুনি, তবে যোগ করা সময়ে দারুণ এক গোল করে দলকে জিতিয়েছেন জেসে লিনগার্ড।
রুনি সরাসরি কিছু না বললেও ডিফেন্ডার ড্যালে ব্লিন্ড নিজের কথাটা সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘মরিনহো আসছেন, এ রকম কিছু আমি প্রথম শুনলাম। আমি কি ফন গালকে কোচ হিসেবে চাই? অবশ্যই।’ কাল লাল কার্ড দেখে মাঠছাড়া ডিফেন্ডার ক্রিস স্মলিংও জানিয়েছেন, ফন গালের বিদায় নিয়ে তিনিও আঁধারে আছেন।
আসলেই কি ফন গাল বিদায় নিচ্ছেন? সেটি আজ কালের মধ্যেই নিশ্চিতভাবে জানা যাওয়ার কথা।