শিরোপা দিয়েই শুরু ফন গালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গাল
লুই ফন গাল

আসল পরীক্ষাটা এখনো শুরুই হয়নি। প্রিমিয়ার লিগ মাঠে গড়ালে তবেই বোঝা যাবে লুই ফন গালের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড সত্যিই বদলে গেছে কি না। তবে যুক্তরাষ্ট্রে প্রাক্-মৌসুম সফরে সেই আভাস কিন্তু খুব ভালোভাবেই দিয়ে রাখলেন রুনি-মাতা-ফ্লেচাররা।
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু হয়েছিল ফন গালের অধীনে ইউনাইটেডের পথচলা। তারপর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোমা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদকেও হারায় ম্যানচেস্টার ইউনাইটেড (ইন্টারের বিপক্ষে জয়টা টাইব্রেকারে)। সবশেষে পরশু রাতে মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুম প্রীতি এই টুর্নামেন্টের শিরোপাও জিতে নিল ফন গালের দল। সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার পর পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়। গত মৌসুমে ডেভিড ময়েসের অধীনে ভীষণ বাজে সময়টা পেছনে ফেলে আসার জন্য এ রকম একটা শুরুর প্রত্যাশাতেই তো ছিলেন ইউনাইটেড সমর্থকেরা!
ফন গাল নিজে অবশ্য এই প্রীতি টুর্নামেন্টটাকে খুব বড় করে দেখছেন না। বললেন, ‘যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে পেরে আমাদের ভালো লাগছে। ফাইনালে লিভারপুলকে হারিয়েছি। সুতরাং দেশেও সমর্থকেরা হয়তো আনন্দিত। এর বাইরে এই জয়টা খুব বড় কিছু নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটির বিপক্ষে প্রথম ম্যাচটা। ওটা জিততে হবে আমাদের।’
জয় অবশ্য একেবারে সহজ হয়নি ইউনাইটেডের। প্রায় ৫১ হাজার দর্শকে ঠাসা সান লাইফ স্টেডিয়ামে পেনাল্টি থেকে স্টিভেন জেরার্ডের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। আগের ম্যাচগুলোর তুলনায় এদিন প্রথমার্ধে কিছুটা ম্লান ছিল ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দারুণভাবে সব বদলে দিয়েছেন ফন গালের ছাত্ররা। ৫৫ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের অসাধারণ এক ক্রসে দারুণ এক গোল করেন রুনি। দুই মিনিট পর বক্সের ভেতর মাতার দুর্দান্ত আরও এক গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৬৪ মিনিটে ইউনাইটেড সমর্থকদের আরও একবার উচ্ছ্বাসে ভাসিয়ে লিভারপুলের জালে বল পাঠান রুনি। অ্যাশলে ইয়ংয়ের ক্রস লিভারপুলের গোলবারের পেছনে লেগে ফিরে আসে রুনির পায়ে। দারুণ ফিনিশিংয়ে গোল ইউনাইটেড স্ট্রাইকারের! অবশ্য পরে লাইনসম্যান বড় পর্দায় রিপ্লে দেখে রেফারিকে জানিয়েছেন, ইয়ংয়ের ক্রসটি গোলবার পেরিয়ে লেগেছিল গোললাইনের পেছনের বারে। অর্থাৎ, বল টাচলাইনের বাইরে। রেফারিও তাই বাতিল করে দেন গোলটি। তার পরেও অবশ্য লিভারপুল ম্যাচে ফিরতে পারেনি। বরং শেষ মুহূর্তে বদলি নামা জেসে লিনগার্ড অসাধারণ ভলিতে আবারও বল পাঠান লিভারপুলের জালে!
প্রীতি টুর্নামেন্টের শিরোপা নিয়ে খুব একটা উচ্ছ্বাস না দেখালেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া রুনিকে নিয়ে ম্যাচ শেষে দারুণ উছ্বসিত ছিলেন ফন গাল, ‘আমি মনে করি, এটা তারই পাওনা। সে নিজে গোল করেছে, অনেকগুলো গোল করিয়েছে।’
দুর্দান্ত খেলা রুনির হাতে এদিন প্রথমবারের মতো ইউনাইটেড অধিনায়কের আর্মব্যান্ডটাও তুলে দিয়েছিলেন ফন গাল। তবে শেষ পর্যন্ত দলের নিয়মিত অধিনায়ক হিসেবে ইংলিশ স্ট্রাইকারকেই বেছে নেবেন কি না, সেটা এখনই বলতে রাজি হননি ইউনাইটেড কোচ, ‘আমি অনেককেই সুযোগ দিয়েছি। (ড্যারেন) ফ্লেচার এর মধ্যে দুই ম্যাচে অধিনায়কত্ব করেছে। (টম) ক্লেভারলি অধিনায়ক ছিল। আজ রুনি অধিনায়কত্ব করেছে, কারণ সে পুরো সময় খেলেছে।’ এএফপি, ইএসপিএন।