শিরোপা-দৌড়ে থাকার মাদ্রিদ ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল ও অ্যাটলেটিকো—দুই মাদ্রিদের জন্যই এর চেয়ে খারাপ সময়ে আর হতে পারত না ম্যাচটা। লিগ শিরোপার দৌড়ে বার্সেলোনা নাগালের বাইরে চলে যাচ্ছে। কোথায় কাতালান ক্লাবটিকে ধরার চেষ্টা করতে হবে তা না, মাদ্রিদের দুই প্রতিবেশীকে লড়তে হচ্ছে নিজেদের মধ্যে। অবস্থাটা এমন, যে হারবে তার কপাল পুড়বে, আর ড্র হলে পুড়বে দুই দলেরই (যদি বার্সা কাল সেভিয়ার সঙ্গে জেতে)।
বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বিতে বার্সেলোনা প্রসঙ্গ কেন? এবার দুই মাদ্রিদের চেয়ে বার্সেলোনা একটু বেশিই এগিয়ে গেছে—দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৮ আর রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে। আজকের ম্যাচটা তাই যতটা না দুই শহুরে প্রতিবেশীর মর্যাদার লড়াই, তার চেয়ে বেশি শিরোপা-স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞার পরীক্ষা।
পরীক্ষাটা কঠিন, শিরোপা জয় করার রাস্তাটা আরও কঠিন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো অত সহজে হাল ছাড়বেন কেন! রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ভরসা নিজেদের ক্ষমতায়, আশা ফুটবলের অনিশ্চয়তায়। রিয়ালের ওয়েবসাইটকে পর্তুগিজ অধিনায়ক বললেন, ‘ম্যাচটা আমাদের জিততেই হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এটি—ঘরের মাঠে, সমর্থকদের সামনে, এমন একটি দলের বিপক্ষে যারা রক্ষণে ভালো।’ শিরোপা-স্বপ্নটাও ভাসছে রোনালদোর চোখে, ‘জানি লিগ জেতা কঠিন হবে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যাব। ফুটবল অনেকটা চমকে ভরা উপহার বাক্সের মতো, এখানে যেকোনো কিছুই হতে পারে।’
ম্যাচটাতে রোনালদোর জন্য ব্যক্তিগত প্রেরণার অভাব নেই। অ্যাটলেটিকোর বিপক্ষে তাঁর গোল ১৫টি, আর দুটি হলেই মাদ্রিদ ডার্বির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন। আর ‘রোনালদো বড় দলের বিপক্ষে গোল করতে পারেন না’—মৌসুমজুড়ে কাঁটা হয়ে থাকা সমালোচনাটার জবাবও দেওয়া হবে নিরুচ্চারে। প্রেরণা আছে কোচ জিনেদিন জিদানেরও। ফ্রেঞ্চ কিংবদন্তি দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ঘরের মাঠে খেলা চারটি ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে রিয়াল। আজ তেমন কিছু না হোক, জয়টা তো কষ্টকল্পনা নয়। তারওপর চোট কাটিয়ে স্ট্রাইকার করিম বেনজেমাও ফিরতে পারেন আজ।
সবই প্রেরণা নয়, ভয়ও আছে। ভয়ের নাম—ডিয়েগো সিমিওনে। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার কোচ হয়ে আসার পর থেকেই একসময়ের ‘নিপীড়িত’ প্রতিবেশী অ্যাটলেটিকো উল্টো ছড়ি ঘোরাতে শুরু করেছে রিয়ালের ওপর। লিগে মুখোমুখি সর্বশেষ পাঁচ ম্যাচে অ্যাটলেটিকোর ৩ জয়ের বিপরীতে রিয়াল জয়হীন!
এ মুহূর্তে অবশ্য প্রতিপক্ষের গোলপোস্টের সামনে স্বচ্ছন্দ নয় সিমিওনের দল। গত তিন ম্যাচে করেছে মাত্র একটি গোল। তবে এটি নিয়ে খুব একটা ভাবছেন না অ্যাটলেটিকো কোচ, ‘গোল আসবে। আমাদের কাজ করতে হবে আর ধৈর্য ধরতে হবে।’
আজ ৯০ মিনিটেও ছন্দটা না এলে ধৈর্য ধরে রাখতে পারবেন তো সিমিওনে? এএফপি।
মুখোমুখি
ম্যাচ রিয়াল জয়ী অ্যাটলেটিকো জয়ী
২১১       ১০৭          ৫৩
লিগে
১৫৭        ৮৫         ৩৮