শিরোপা রক্ষার লড়াইয়ে দুর্দান্ত পর্তুগাল

নিজেদের শক্তি দেখাল পর্তুগালছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা দেখে কে বলবে ক্রিস্টিয়ানো খেলেননি যে? রোনালদো ছাড়াই পর্তুগাল যেমন খেল দেখাল, রোনালদো আসলে কী হবে? ভাবনার উদ্রেক ঘটাই স্বাভাবিক। রোনালদোকে ছাড়াই গত রাতে সর্বশেষ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে নেশনস লিগের বর্তমান শিরোপাধারীরা। শিরোপা ধরে রাখার মিশনে তাদের শুরুটা হলো তাই দুর্দান্ত।

ক্রোয়েশিয়ার কাছে কোনো উত্তর ছিল না
ছবি: রয়টার্স

এফসি পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওতে 'এ' লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে আতিথ্য দিয়েছিল পর্তুগাল। কিন্তু ওই যে, নামেই আতিথ্য দেওয়া। ডেকে এনে যেভাবে নিজেদের মাঠে অতিথিদের সামনে নিজেদের শক্তিমত্তার প্রদর্শন করল, যে কেউই দেখে ভাববেন, এই ফর্ম ধরে রাখতে পারলে এবারও নেশনস লিগের শিরোপা পর্তুগালের কাছেই যাবে। চার গোল এসেছে চারজনের পা থেকে। গোলদাতার তালিকায় রয়েছেন ম্যানচেস্টার সিটির ফুলব্যাক জোয়াও ক্যানসেলো, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের উইঙ্গার দিওগো জোতা, অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের আন্দ্রে সিলভা। ক্রোয়েশিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটা পেয়েছেন ডায়নামো জাগরেবের স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ।

বেশিরভাগ সময় ঘর সামলাতে ব্যস্ত ছিলেন
ছবি: রয়টার্স

লুকা মদরিচ, ইভান রাকিতিচ, মারিও মানজুকিচ পরবর্তী যুগে ক্রোয়েশিয়া যে খাপ খাওয়াতে একটু সময় নেবে, সেটা বোঝা গেছে কালকের ম্যাচে। শুরুর একাদশে ছিলেন না ইভান পেরিসিচ, মার্সেলো ব্রোজোভিচের মতো অভিজ্ঞ তারকারাও। তরুণ বরনা বারিসিচ, নিকোলা ভ্লাসিচ, ডমিনিক লিভাকোভিচ, জোসিপ ব্রেকালোদের সাধ্য ছিল না পর্তুগালের আক্রমণ আটকানোর। পুরো ম্যাচে গোলের দিকে ২৭টি শট নিয়েছে পর্তুগাল, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। তিনটি শট বাধা পায় পোস্টে। অন্যদিকে, বেশির ভাগ সময় নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা ক্রেয়েশিয়ার পাঁচ শটের মাত্র দুটি ছিল লক্ষ্যে।

মাঠের বাইরে ছিলেন রোনালদো
ছবি: রয়টার্স

তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ বাধা হয়ে না দাঁড়ালে আরও গোল করতে পারত পর্তুগাল। ৪১ মিনিটে ক্যানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। ৫৮ মিনিটে ডর্টমুন্ডের লেফটব্যাক রাফায়েল গেরেরোর কাছ থেকে বল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। ৭০ মিনিটে ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভার পাস ধরে গোল করেন ফেলিক্স, তাতে পর্তুগালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

যোগ করা সময়ে এসি মিলানের উইঙ্গার আনতে রেবিচের কাছ থেকে বল নিয়ে পেতকোভিচ সান্ত্বনাসূচক গোলটি করেন। পরে আন্দ্রে সিলভা আবারও গোল করে পর্তুগালকে আরও এগিয়ে যায়। বড়সড় এক জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোহীন পর্তুগাল। গ্যালারি থেকে ম্যাচ দেখার পর পূর্ণ পরিতৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদো।

ওদিকে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। গোল করেছেন লিওঁর সেন্টারব্যাক জেসন ডেনায়ের ও নাপোলির স্ট্রাইকার দ্রিস মের্তেন্স। ম্যাচে খেলেননি ইডেন হ্যাজার্ড বা কেভিন ডি ব্রুইনিয়ার কেউ।