শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ জেতানো গোলের পর সুয়ারেজ, উদ্‌যাপনে সঙ্গী হতে যাচ্ছেন আরেক গোলদাতা মেসি। ছবি: এএফপি
ম্যাচ জেতানো গোলের পর সুয়ারেজ, উদ্‌যাপনে সঙ্গী হতে যাচ্ছেন আরেক গোলদাতা মেসি। ছবি: এএফপি

বার্সেলোনাকে ম্যাচ জেতাল ‘এমএসএন’ ত্রয়ী। ক্লিশে শোনাচ্ছে? মনে হচ্ছে আর কত এই একঘেয়ে কথা! ভাঙা রেকর্ডের মতো এক কথা আর কতবার শুনতে হবে? কিচ্ছু করার নেই, যেভাবে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন মেসি-সুয়ারেজ-নেইমাররা; একই কথা বারবার না লিখে উপায়ও নেই। তবে একঘেয়ে শোনালেও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটিতে কিন্তু একঘেয়েমির ছিটে ফোটাও ছিল না।

লিগের শীর্ষ দুই দলের মধ্যকার ম্যাচ। হেরে গেলে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়বে মাদ্রিদের দলটি। আর জিতলেই শিরোপার লড়াইয়ে আসবে সমতা। ম্যাচটি নিয়ে উত্তেজনার পারদ তাই উঠে গিয়েছিল অনেক উঁচুতে। দুই দল হতাশ করেনি। দুর্দান্ত পাসিং, আক্রমণ- পাল্টা আক্রমণ, গতিময় ফুটবল, গোল-পাল্টা গোল, হলুদ কার্ড, লাল কার্ড—সবই ছিল ম্যাচটিতে। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-১ গোলে জিতে শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গেল কাতালানরা।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকে চেপে বসেছিল বার্সেলোনা। কিন্তু খেলায় প্রথম শটটি নেয় অ্যাটলেটিকোই। তিন মিনিটে মিডফিল্ডার সলের সেই শট ঠেকিয়ে দেন ক্লদিও ব্রাভো। কিন্তু ১০ মিনিটে সেই সলের জাদুতেই গোল পেয়ে যায় অতিথিরা। ডান প্রান্ত দিয়ে সলের একগুঁয়ে দৌড়টা আটকাতেই পারল না বার্সার রক্ষণ। তাঁর কোনাকুনি পাস নাগালে পান ফাঁকায় দাঁড়ানো কোকে। এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি এই মিডফিল্ডার। তাঁর নেওয়া জোরালো শট ঠেকানোর উপায় ছিল না ব্রাভোর।
গোল খেয়ে তেড়ে ফুঁড়ে ওঠে বার্সার আক্রমণ ভাগ। আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ওঠে অ্যাটলেটিকোর রক্ষণ। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তারা। কিন্তু ২০ মিনিটে অগাস্তো ফার্নান্দেজের শট ব্রাভোকে বোকা বানিয়ে গোলবারের পাস দিয়ে চলে যায়। এরপর টানা দশ মিনিট একের পর এক ছন্দোবদ্ধ আক্রমণ করে যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু কোনোভাবেই গোলরক্ষক ওবলাককে ফাঁকি দিতে পারছিল না তারা। ৩০ মিনিটে গিয়ে শেষ হয় সেই অচলাবস্থার। বাম প্রান্ত থেকে বল আসে নেইমারের কাছে। নেইমার থ্রু বাড়িয়ে দেন আলবার কাছে। আলবার থেকে বল মেসির পায়ে, গোল! সমতা এল ম্যাচে।
৬ মিনিট পরেই ম্যাচে আবারও এগিয়ে যেতে পারত মাদ্রিদ। কিন্তু দারুণ সেই সুযোগ হাতছাড়া করেন গ্রিজম্যান। মিনিট দুই পরেই তার জবাব দেয় বার্সা। প্রায় মাঝমাঠ থেকে দানি আলভেজের বাড়ানো বল ওবলাকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে দেন সুয়ারেজ। এগিয়ে যায় বার্সেলোনা। এমন অবস্থাতেই প্রথমার্ধের শেষ দিকে মেসিকে জঘন্য এক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফেলিপে লুইস। অ্যাটলেটিকো পরিণত হয় দশজনের দলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার সুযোগ পায় অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে ফেরেইরা ক্যারেসোর পাস থেকে গোলমুখে দাঁড়ানো গ্রিজম্যান পা ছুঁয়ে বল চলে যাচ্ছিল জালে। কিন্তু ভাগ্যক্রমে উল্টো দিকে ঝাঁপানো ব্রাভোর পায়ে লেগে বল চলে যায় বাইরে। ৬৫ মিনিটেই অবশ্য ম্যাচ প্রায় শেষ হয়ে যায়, সুয়ারেজকে স্লাইডিং ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিয়েগো গডিন। এরপর ম্যাচে আর ফিরতে পারেনি অ্যাটলেটিকো। তবে ৯ জনের দল পেয়েও ব্যবধান আর বাড়াতে পারেননি মেসি-নেইমাররা।