শিরোপাকে বিদায় বলে দিল রিয়াল!

রিয়াল মাদ্রিদ এখন আনুষ্ঠানিকভাবে শিরোপাকে ‘বিদায়’ বলে দিতে পারে।
অঙ্কের হিসাবে রিয়াল মাদ্রিদের সুযোগ হয়তো এখনো আছে। কিন্তু গতকাল ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর কাছে ১-০ গোলে হেরে লিগ শিরোপা-স্বপ্নকে আসলে জলাঞ্জলিই দিল জিনেদিন জিদানের দল!
হারলে এক দলের কপাল পুড়বে, ড্র হলে দুই দলেরই—ম্যাচের সমীকরণটা ছিল এমনই। শিরোপা দৌড়ে বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে থেকেই যে ম্যাচটা শুরু করেছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাটলেটিকো। তাতে ৫৩ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমানের গোলে সর্বনাশ হলো রিয়ালেরই।
প্রথমার্ধে দুই পক্ষের হিসেবি ফুটবলের কারণে পরিষ্কার সুযোগ মিলেছে খুব কমই। দুই গোলকিপারকে অবশ্য দুর্দান্ত কিছু সেভ করতে হয়েছে। রিয়ালের পক্ষে বলার মতো সুযোগ ছিল শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ফ্রি কিক, অ্যাটলেটিকো গোলকিপার ইয়ান ওব্লাক দারুণ নৈপুণ্যে সেটি ফিরিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে অসাধারণ দুটি সেভ ছিল কেইলর নাভাসেরও। শেষ পাঁচ মিনিটে কোকে ও গ্রিজমানের টানা দুটি শট ফিরিয়ে দিয়েছিলেন রিয়াল গোলকিপার।
গোলের দেখা মিলল দ্বিতীয়ার্ধের আট মিনিটে। অ্যাটলেটিকোর পক্ষে গোলটির পুরো কৃতিত্বই চাইলে গ্রিজমানকে দিতে পারেন। লেফট ব্যাক ফিলিপে লুইসের সঙ্গে দুবার বল দেওয়া-নেওয়া করে আক্রমণ গড়েছিলেন, সেটিকে সুন্দর সমাপ্তিও দিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
এরপরও অবশ্য কিছু সুযোগ পায় দুদলই। রিয়ালের হয়ে গোলের খুব কাছাকাছি যান রোনালদো ও দানিলো। অন্যদিকে অ্যাটলেটিকোর সাউলও সুযোগ পেয়েছিলেন ব্যবধানটাকে ২-০ করার। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের গোলকিপারের নৈপুণ্যে স্কোরলাইন আর বদলায়নি।
তা না হোক, দিন শেষে দীর্ঘশ্বাস পড়েছে রিয়ালেরই। জিনেদিন জিদান নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। জিততেই হবে এমন ম্যাচে এসে কিনা রিয়ালের দায়িত্বে প্রথম হারের মুখ দেখলেন ফরাসি কিংবদন্তি! সনি-ইএসপিএন।