সব দলের ঘর গোছানো হয়ে গেছে আগেই। কাল ছিল খেলোয়াড়দের নাম নিবন্ধনের শেষ দিন। একেবারে শেষ মুহূর্তে দলবদল সেরেছে চ্যাম্পিয়ন আবাহনী, শিরোপাপ্রত্যাশী শেখ জামাল, বিজেএমসি, রহমতগঞ্জ, ফরাশগঞ্জ, আরামবাগ ও ব্রাদার্স। আনুষ্ঠানিকতার এই কাজটুকু সারতেও শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এএফসি কাপের শুরু থেকেই আবাহনীর পাঁচ ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আরিফুল ইসলাম, জুয়েল রানা, তপু বর্মণ ও শাকিল আহমেদ যোগ দেন সাইফ স্পোর্টিংয়ে। এঁদের বাদ দিয়েই প্রাথমিক দল সাজিয়ে ফেলে আবাহনী।
তবে চ্যাম্পিয়নদের দলটি আসলে কেমন হয়, সেটা নিয়ে সবার কৌতূহল একটু ছিলই। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় মিলিয়ে এবারও ভারসাম্যপূর্ণ একটা দল গড়েছে আবাহনী। তারা নতুন খেলোয়াড় নিয়েছে সাতজন। এর মধ্যে চট্টগ্রাম আবাহনী থেকে এসেছেন স্টপার নাসির উদ্দিন, রাইটব্যাক রায়হান, লেফটব্যাক ইয়ামিন মুন্না, মিডফিল্ডার সোহেল রানা ও রুবেল মিয়া। বাকি দুজন ব্রাদার্সের ইমতিয়াজ সুলতান জিতু ও রহমতগঞ্জের দিদারুল আলম।
আক্রমণভাগে নতুন কেউ নেই। পুরোনোদের মধ্যে নাবিব নেওয়াজ জীবন ও সাদ উদ্দিন আছেন। এর সঙ্গে যোগ দেবেন নাইজেরিয়ার এমেকা ডার্লিংটন ও শেখ জামালে খেলে যাওয়া গাম্বিয়ার ল্যান্ডিং দারবোয়ে। এই ল্যান্ডিংকে নিয়েই চমক দেখিয়েছে আবাহনী। কাল বিমানবন্দর থেকে সোজা ফেডারেশনে এসে নাম লিখিয়েছেন ল্যান্ডিং। আবাহনী কর্মকর্তাদের আশা, ব্রিটিশ স্ট্রাইকার লি টাকের অভাবটা হয়তো এবার পূরণ করবেন ল্যান্ডিং। গোলপোস্টের নিচে জাতীয় দলের গোলরক্ষক সোহেল রানা, তিতুমীর চৌধুরী ও নাইম মিয়া। রক্ষণভাগে আছেন ওয়ালী ফয়সাল, মামুন মিয়া, টুটুল হোসেন ও ঘানার সামাদ ইউসুফ। মাঝমাঠে প্রাণতোষ দাস, ইমন মাহমুদ, আতিকুর রহমান ফাহাদ ও শাহেদুল আলম।
গত মৌসুমের ফেডারেশন কাপ ও লিগ চ্যাম্পিয়ন আবাহনী। এবার তিনটি শিরোপাতেই চোখ তাদের। দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার প্রাণতোষ আত্মবিশ্বাসের সুরেই বললেন, ‘প্রতিবছরই মৌসুমের সব শিরোপা জেতাই লক্ষ্য থাকে আমাদের। এবারও তেমনই আশা করছি। চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছি আমরা।’
দলবদলের শেষ দিনে এসে আরামবাগের কোচ মারুফুল হকের মুখে শোনা গেল একটা শব্দ—‘চ্যালেঞ্জ’। আরামবাগে কোনো তারকা ফুটবলার নেই। যা পেয়েছেন সেটা নিয়েই লড়তে চান। ৩৫ ফুটবলারের মধ্যে মাত্র পাঁচজন গত মৌসুমের। দলটি বিজেএমসি থেকে নিয়েছে ফরোয়ার্ড সোহেল রানা, শেখ রাসেল থেকে ক্যামেরুনের ডিফেন্ডার জাঁ ইকাঙ্গা ও ঢাকার ফুটবলে একসময়ের ‘গোলমেশিন’ নাইজেরিয়ার বুকোলা ওলালেকানকে। এঁদের ছাড়া বাকিরা একেবারেই অচেনা। দলে একটাই উজ্জ্বল মুখ—মারুফুল হক! দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ এঁদের নিয়েই এগিয়ে যেতে চান, ‘মাঠে পারফরম্যান্স দিয়ে নতুন ছেলেরাই নিজেদের প্রতিষ্ঠিত করবে। আর এটা হবে আমার কঠিন চ্যালেঞ্জ।’
গত মৌসুমের প্রথম লেগে পয়েন্ট তালিকার ওপরের দিকে থাকা রহমতগঞ্জ এবার মাঝারি মানের দল গড়েছে। কোচ কামাল বাবু তবু আশাবাদী, ‘একেবারে নতুন রক্ত, নতুন খেলোয়াড়। এদের নিয়েই বড় দলগুলোকে রুখব।’
দলবদল শেষ, মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু হবে ১৩ মে।