শিরোপার আরও কাছে চেলসি
আন্তোনিও কন্তে এখন একটু নির্ভার হতেই পারেন। লিগে বাকি চার ম্যাচ মিডলসবরো, ওয়াটফোর্ড, সান্ডারল্যান্ড ও ওয়েস্ট ব্রমের সঙ্গে। চেলসির জন্য এভারটন ম্যাচটাকেই ধরা হচ্ছিল শেষ ‘কঠিন’ পরীক্ষা। পেদ্রো, কাহিল ও উইলিয়ানের গোলে সেই পরীক্ষায় ৩-০ ব্যবধানে জিতে শিরোপার আরও কাছে চলে গেছে ব্লুরা। তবে টটেনহামও ছেড়ে কথা বলছে না। কাল রাতে আর্সেনালকে ২–০ গোলে হারিয়েছে মরিসিও পোচেত্তিনোর দল।
তবে হোঁচট খেয়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব। ঘরের মাঠে সোয়ানসি সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর মিডলসবরোর মাঠে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
ড্র করার চেয়েও হোসে মরিনহো ও পেপ গার্দিওলা দুজনকেই বেশি ভাবাবে এই ম্যাচে খেলোয়াড়দের পাওয়া চোট। ইউনাইটেডের দুই ডিফেন্ডার এরিক বাইয়ি ও লুক শ, আর সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো—সবাই মাঠ ছেড়েছেন চোট নিয়ে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার আগে অবশ্য সিটিকে পথ দেখিয়েছেন আগুয়েরোই। প্রথমার্ধে মিডলসবরোর আলভারো নেগ্রেদোর গোল ফিরিয়ে দেন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে। ৭৭ মিনিটে চেম্বার্সের গোলে মিডলসবরো ২-১ করার পর আবার দৃশ্যপটে আগুয়েরো, তাঁর ক্রসে হেড করেই সিটিকে ড্র এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।
ইউনাইটেড অবশ্য ৪৬ মিনিটে ওয়েইন রুনির বিতর্কিত পেনাল্টি গোলে এগিয়ে যায় প্রথম। তবে ৭৯ মিনিটে গিলফি সিগুর্ডসনের দুর্দান্ত ফ্রি-কিক তাদের জিততে দেয়নি। মৌসুমে টানা ২৫ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড গড়েছে ইউনাইটেড। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তারা পাঁচে, সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে সিটি। স্টার স্পোর্টস।