শিরোপার আশা এখনই ছাড়ছেন না কোমান
লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনা এখন ৫ নম্বরে আছে। সেভিয়া আজ রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ড্র না করলে হয়তো আজই ছয়ে নেমে যেত রোনাল্ড কোমানের দল। ছয়ে থাকা হুলেন লোপেতেগির সেভিয়ার পয়েন্ট (১২ ম্যাচে ২০) বার্সার চেয়ে একটি কম হলেও সেভিয়া অবশ্য বার্সার চেয়ে ম্যাচও একটি কম খেলেছে। সে ম্যাচ হিসাবে নিলে বার্সেলোনা মানসিকভাবে আরও পিছিয়েই থাকবে।
অবশ্য বার্সেলোনার মতো ক্লাবের জন্য পাঁচ বা ছয়ে থাকাটা মূল্যহীন। যে দল প্রতি মৌসুমে শিরোপা জেতার আশায় নামে, যে দলে লিওনেল মেসি খেলেন, সে দলের জন্য এক পয়েন্টে এগিয়ে থেকে পাঁচে থাকাটা মানায় না। কিন্তু বার্সেলোনার ইতিহাসের অন্যতম বাজে শুরুর পরও হাল ছাড়ছেন না কোমান। এখনো শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ডাচ কোচ।
শিরোপা জেতার মতো দল গড়া হচ্ছে না, এ যুক্তি দেখিয়েই মৌসুমের শুরুতে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। মৌসুম শুরু হওয়ার পর মেসির কথাই যেন বাস্তব বলে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে ক্লাবটি। একের পর এক ভুলে ৭ ম্যাচে পয়েন্ট খুঁইয়েছে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে ৮ পয়েন্টে। আতলেতিকো এক ম্যাচ কম খেলেছে, তারপরও।
গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে বারবার রক্ষণের ফাঁক বেরিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করলেও ম্যাচের ফলটা অন্য রকমও হতে পারত। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দারুণ দুটি সেভ না করলে ঘরের মাঠে হয়তো হেরেই বসত বার্সেলোনা। এমনই অবস্থা দাঁড়িয়েছিল, ম্যাচের শেষ ১০ মিনিটে ফরোয়ার্ড কমিয়ে বাড়তি এক ডিফেন্ডার নামিয়েছিলেন বার্সা কোচ। ম্যাচ শেষে নিজের এই সিদ্ধান্তের ব্যাখ্যা করতে গিয়ে দলের সমালোচনাই করলেন কোমান, ‘কিছু মুহূর্ত ছিল যখন আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি। আমরা বল হারিয়েছি এবং বড় জায়গাজুড়ে আমাদের ডিফেন্ডার একা হয়ে যাচ্ছিল ওদের ফরোয়ার্ডদের সামনে। এ কারণে আমি দ্বিতীয়ার্ধে রক্ষণে তিনজন রেখে খেলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আমার মনে হয় না মানসিকভাবে এতে পিছু হটেছি আমরা (রক্ষণাত্মক হয়ে পড়া)। তবে পারফরম্যান্সের দিক থেকে আমরা ভালো করিনি। পুরো ম্যাচেই অধারাবাহিক ছিলাম আমরা। রক্ষণে বল হারিয়েছি এবং খেলায় অনেক অনিশ্চয়তা দেখা গেছে।’
অভিজ্ঞ খেলোয়াড়দের বসিয়ে কাল রক্ষণে তরুণ দুই ডিফেন্ডার নামিয়েছিলেন কোমান। মাঝমাঠেও পিয়ানিচের চেয়ে পেদ্রিকেই বেশি পছন্দ করছেন কোচ। তারুণ্যে আস্থা থাকলেও এমন দল নির্বাচনে কিছুটা ঘাটতিও খুঁজে পাচ্ছেন কোমান, ‘কয়েকজন খেলোয়াড়ের বয়স ও তাদের অভিজ্ঞতার অভাব প্রভাব ফেলেছে হয়তো। এটা সময়ের সঙ্গে পাব আমরা। কারণ, তরুণদের পরিণত হতে দিতে হবে। ২-১ অবস্থায় দল খেলা নিয়ন্ত্রণ করার কথা ও রক্ষণের কথা ভাবেনি। আমাদের বল ধরে রাখতে হবে, কিন্তু আমরা বারবার বল হারিয়েছি।’
লিগে আগের ম্যাচগুলোতে আক্রমণ নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন কোমান। গতকাল অবশ্য এ থেকে মুক্তি মিলেছে তাঁর। দল খুব বেশি সুযোগ সৃষ্টিই করেনি, ফলে সুযোগ নষ্ট করার প্রসঙ্গও ওঠেনি।
একদিকে বারবার হোঁচট খাচ্ছে বার্সেলোনা। ওদিকে রীতিমতো উড়ছে আতলেতিকো মাদ্রিদ। রক্ষণের জন্য বিখ্যাত দলটি এ মৌসুমে গোল করাতেও লিগে সেরা। ওদিকে নিয়মিত হাস্যকরভাবে গোল হজম করছে বার্সেলোনা। এ অবস্থাতেও আশা ছাড়ছেন না কোমান, ‘এখনো অনেক ম্যাচ বাকি। এখনো (শিরোপার আশা) শেষ হয়নি। সব দলের জন্যই এ সূচি সামলানো কঠিন। শীর্ষে থাকা দলগুলোই দুই মাস পর তলানিতে থাকতে পারে। যে দলগুলো ইউরোপে খেলে, তাদের জন্য সূচি আরও বেশি ঝামেলাপূর্ণ। শীর্ষ থেকে অনেক দূরে আছি, কিন্তু কঠিন লড়াই করে এবং সবটুকু দিয়ে পয়েন্ট আদায়ের চেষ্টা করব।’