দল পয়েন্ট হারালে আবাহনী গ্যালারি থেকে বোতল উড়ে যাবে মাঠে। হারলে পরিস্থিতি হবে অশান্ত। খেলোয়াড়, কর্মকর্তাদের উদ্দেশে ছুটবে গালিবৃষ্টি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিয়মিত দৃশ্য!
কোচ জর্জ কোটান মাথা নিচু করে আত্মরক্ষা করলেন। মাঝখানে দেয়াল তুলে দাঁড়িয়ে থাকা পুলিশ নীরব দর্শক। এক ম্যাচ জয়ের পর আবারও হারল আবাহনী। কামারা চারবার একমাত্র গোলে কাল বড় ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে ধরাশায়ী আকাশি নীলেরা।
আবাহনীর সবচেয়ে বড় সমস্যা, নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব। গত কয়েক মৌসুম ধরেই সমস্যাটা চলছে। এবার হাঙ্গেরিয়ান সাবোলাস চরবা ৫ ম্যাচে ৪ গোল করে আলো দেখিয়েছিলেন। কিন্তু গত দুই ম্যাচে তিনি কিনা দর্শক! পেটের পেশিতে টান লাগায় তাঁর বাংলাদেশ অধ্যায়ই শেষ হতে যাচ্ছে। কোচ কোটান জানালেন, ‘ও হয়তো দেশেই ফিরে যেতে পারে। চিকিৎসা নিলেও কোনো উন্নতি নেই। একদমই হাঁটতে পারছে না।’
গত ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ওসেই মরিসনকে নামিয়েছিলেন কোটান। কিন্তু মাঠে অনুজ্জ্বল ঘানার ফরোয়ার্ড। শেষ দিকে মাথা ছোঁয়াতে পারলে গোল—এমন সুযোগও নষ্ট করেছেন বদলি ফরোয়ার্ড সজীব। ভরসা ছিলেন ওয়াহেদ, তিনি তো গোলের রাস্তাই গেছেন ভুলে। গোটা তিনেক সহজ সুযোগ নষ্ট করে কোটানকে যেন এই বার্তাই দিলেন, তাঁর কাছে গোল আশা না করাই ভালো।
ডিফেন্ডাররাও নড়বড়ে। ১২ মিনিটে ইবনুল সিরাজীর ক্রস থেকে মাপা হেডে যে গোলটি করলেন কামারা, আবাহনী ডিফেন্ডার উবম হেনরির দায় অনেক। ৬ ফুট উচ্চতার অরক্ষিত কামারা সহজেই মাথা ছুঁয়ে জালে পাঠালেন বল। এরপর দীর্ঘ সময় হাতে থাকলেও একটা গোল পেল না আবাহনী।
আগের তিন ম্যাচে এগিয়ে গিয়েও হার বা ড্র করতে হয়েছে মুক্তিযোদ্ধাকে। কিন্তু কাল দ্রুত গোল পেয়েই কৌশল বদলে ফেললেন কোচ আবু ইউসুফ। রক্ষণ হয়ে গেল চীনের প্রাচীর। আবাহনীর গোলের সম্ভাবনা নষ্ট করে দিয়েছে মুক্তিযোদ্ধার রক্ষণ। গোলরক্ষক টিটুও ছিলেন আস্থাশীল।
এই হারে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী এখন চারে। শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নের আশা ছেড়েই দিয়েছেন কোটান, ‘এই দলটা এখনো চ্যাম্পিয়ন হওয়ার মতো প্রস্তুত নয়। কারও মধ্যে গোলের ক্ষুধা নেই। স্ট্রাইকার সমস্যায় ভুগছি আমরা। গোল না পেলে জয় অসম্ভব।’
৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠল মুক্তিযোদ্ধা। উচ্ছ্বসিত কোচ ইউসুফ, ‘জয়ের পুরো কৃতিত্বই ছেলেদের। গত দুই ম্যাচের চাপ থেকে বেরোল ওরা। আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেল অনেক।’
আজকের খেলা
মোহামেডান-শেখ জামাল ও বিজেএমসি-রহমতগঞ্জ
(বিকেল ৪-১৫ মি. ও সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)