শিরোপার মীমাংসা আজই, দেখতে আসছেন তো?

বিশ্ব ফুটবল নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস, উল্টো পিঠে ঠিক দেশের ফুটবল নিয়ে নাক সিঁটকানো। সমর্থকদের দোষ দিচ্ছি না, বিশ্ব ফুটবলের সঙ্গে যে বড্ড বেমানান দেশের ফুটবলের চেহারা। তবুও দেশের ফুটবলের মান খারাপ হলেও, দিন শেষে এ তো নিজেদেরই।
আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডির মধ্যকার চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি আজ। জিতলেই চ্যাম্পিয়ন আবাহনী। আর জামাল জিতলে চ্যাম্পিয়ন হবে না বটে, তবে শিরোপা চলে আসবে নাগালের মধ্যে। ম্যাচটা তাই একরকম ‘ফাইনাল’ই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
আবাহনীর সামনে ষষ্ঠ লিগ শিরোপার হাতছানি। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আকাশী-নীলরা পাচ্ছে না অন্যতম সেরা পারফরমার লেফটব্যাক ওয়ালি ফয়সাল ও রাইট উইঙ্গার রুবেল মিয়াকে। রুবেলের বদলি হিসেবে সাদউদ্দীনকে রাইটব্যাক থেকে উঠিয়ে আনা যেতে পারে। কিন্তু ওয়ালির জায়গায় কাকে খেলানো যায়, এ নিয়েই কোচের ঘুম হারাম। লিগের ২০ ম্যাচের একটি মিনিটও ওয়ালিকে ছাড়া মাঠে ছিল না বর্তমান চ্যাম্পিয়নরা।
শেখ জামালও পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় সেন্টারব্যাক ইয়াসিন খান ও মিডফিল্ডার ওমর ফারুককে। তবে তাঁদের বদলি হিসেবে মামুন ও জাহেদ পারভেজ প্রমাণ দিয়েছেন অনেক আগেই। জামালের সবচেয়ে বড় ভরসার জায়গা ফরোয়ার্ড বিভাগ। দুই ফরোয়ার্ড রাফায়েল ও সলোমন কিং জুটি গোল করেছে ২৯টি। আর আবাহনীর পুরো দলের গোল ৩৩টি । তবে শেখ জামাল যেখানে গোল হজম করেছে ১৮টি, সেখানে আবাহনী ১৩টি।
সবকিছু মিলিয়ে দুর্দান্ত এক লড়াইয়ের আভাস কিন্তু পাওয়াই যাচ্ছে। বঙ্গবন্ধুতে ইউরোপিয়ান ফুটবলের মতো অলৌকিক কিছু দেখা হয়তো যাবে না। কিন্তু দুর্দান্ত কিছু মুভ দেখার নিশ্চয়তা নিয়ে মাঠে আসতে পারেন। মাঝমাঠ থেকে দেখতে পারবেন আবাহনী মিডফিল্ডার ইমন বাবুর রক্ষণচেরা কিছু দুর্দান্ত থ্রু, লেফট উইঙ্গার সোহেল রানার ট্রেডমার্ক ক্রুইফ টার্ন। এগুলো দাগ ফেলতেই পারে মনে।
শুধু ঘর হতে দুই পা ফেলে চলে আসুন মাঠে, আপনার জন্য ছুটির দিনে শীতের সন্ধ্যায় অপেক্ষা করছে দুর্দান্ত এক ফুটবল লড়াই।