শিরোপার মীমাংসা শেষ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের হাতের উল্কিতে আছে তাঁর মায়ের মুখ। পরশু মা দিবসে পালমাসের বিপক্ষে হ্যাটট্রিক করার পর বার্সা তারকার মাকে স্মরণ l মেইল অনলাইন
নেইমারের হাতের উল্কিতে আছে তাঁর মায়ের মুখ। পরশু মা দিবসে পালমাসের বিপক্ষে হ্যাটট্রিক করার পর বার্সা তারকার মাকে স্মরণ l মেইল অনলাইন

এদিকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, ওদিকে লাস পালমাসের গ্র্যান ক্যানারিয়া। হাজার দুয়েক কিলোমিটার দূরের দুটি মাঠে একই সময় দুটি ম্যাচ। দুই ম্যাচেই কত রোমাঞ্চকর ঘটনা! প্রতিপক্ষের কেউ প্রস্তুত হওয়ার আগেই ফ্রিকিক থেকে নাচোর গোল করে ফেলা, নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিক, রোনালদোর ৪০০ গোলের মাইলফলক ছোঁয়া, রিয়ালের টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ড গড়া...। সব শেষে কাকতালীয়ভাবে রিয়াল ও বার্সেলোনা দুই দলেরই ৪-১ গোলের জয়!
কিন্তু বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বোধ হয় শুধু নিজেদের জয় নয়, চাইছিল আরও বেশি। লাস পালমাসের বিপক্ষে না জিতে বার্সেলোনা যদি পয়েন্ট হারাত, তাহলেই শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যেত রিয়ালের। ওদিকে বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে রিয়াল হোঁচট খেলে প্রায় একই রকম লাভ হতো বার্সারও। কিন্তু নিয়তিই বোধ হয় সে রকম কিছু চাইছিল না। মৌসুমের শেষ দিনে এসে লা লিগার শিরোপা নিশ্চিত হবে—এটাই যেন আগে থেকে ঠিক হয়ে আছে এবার।
পরশু দুই দলের জয়ের পর দুই দলের পয়েন্টই এখন ৮৭। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। কিন্তু লিগে বার্সার যেখানে বাকি একটি ম্যাচ, রিয়ালের বাকি দুটি। দুই দলই শেষ ম্যাচ খেলবে আগামী রোববার। বার্সেলোনা নিজের মাঠে খেলবে এইবারের বিপক্ষে। রিয়ালকে খেলতে হবে মালাগার মাঠে গিয়ে। মাঝে আগামীকাল রিয়াল তাদের বাকি আরেকটি ম্যাচ খেলবে সেল্টা ভিগোর মাঠে গিয়ে। নিজের মাঠে সেল্টার বিপক্ষে লিগে প্রথম লেগটা রিয়াল জিতেছিল ২-১ গোলে। জিতেছিল মালাগার বিপক্ষেও। বার্সেলোনাও এইবারের মাঠ থেকে প্রথম লেগ জিতে ফিরেছিল ৪-০ গোলে।
নাটকের শেষটা মঞ্চস্থ হওয়ার আগে পা ফসকানোর ঝুঁকি নিতে চায়নি বলেই বোধ হয় লাস পালমাসের বিপক্ষে এমন দুর্দান্ত বার্সেলোনা। ২৫ মিনিটে সুয়ারেজের পাস থেকে নেইমারের প্রথম গোল। এর দুই মিনিট পর সুয়ারেজ নিজেও নাম তুললেন স্কোর শিটে। বিরতির পর আরও দুটি গোল করে নেইমার ম্যাচ থেকেই ছিটকে দেন লাস পালমাসকে।
রিয়ালের প্রথম গোলটা হয়েছে অদ্ভুতভাবে। ১০ মিনিটের সময় ডি-বক্সের বাইরে সেভিয়া ডিফেন্ডাররা ফাউল করেন মার্কো অ্যাসেনসিওকে, রেফারি ফ্রিকিক দেন রিয়ালের পক্ষে। এ নিয়ে রেফারির সঙ্গে সেভিয়ার খেলোয়াড়েরা তর্ক করার ফাঁকেই ফ্রিকিক নিয়ে নেন রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেস। সেভিয়ার প্রতিবাদ কোনো কাজেই আসেনি। কারণ, রেফারি যে শট নেওয়ার অনুমতি দিয়েই রেখেছিলেন।
ওই গোল দিয়েই সব ধরনের টুর্নামেন্টে টানা ৬২ ম্যাচ গোল করার ইউরোপিয়ান রেকর্ড গড়ল রিয়াল। তবে রোনালদোর কীর্তি গড়া যে তখনো বাকি! ২৩ মিনিটে নিজের প্রথম গোলটা করলেন, যেটি দিয়ে আনুষ্ঠানিকভাবে রিয়ালের হয়ে ৪০০ গোলের মাইলফলক ছোঁয়া হয়ে গেল পর্তুগিজ উইঙ্গারের। ৭৮ মিনিটে রোনালদো পেলেন ম্যাচে নিজের দ্বিতীয় গোলটাও। আর ৮৩ মিনিটে নাচোর পাস থেকে টনি ক্রুসের গোলটায় এ মৌসুমে বার্নাব্যুতে রিয়ালের শেষ ম্যাচটা রূপ নিল উৎসবে।
বাকি দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে। যে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলেই আরও বড় উৎসব হবে বার্নাব্যুতে ফিরে! এএফপি, রয়টার্স।