শিরোপার লড়াই জমিয়ে দিল সিটি

চিন্তা বাড়ছে পেপ গার্দিওলারছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফুটবলে ভাগ্যের কোনো জায়গা নেই। আমাদের গোল করতে হতো, আমরা করতে পারিনি। আমরা গোল করার জন্য খেলেছিলাম। কিন্তু সে কাজ করতে আমাদের সংগ্রাম করতে হয়েছে।’


এমন দার্শনিক কথাবার্তা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার। হুট করে ভদ্রলোক ভাগ্য নিয়ে কথা বলা শুরু করলেন কেন? গার্দিওলার দলের পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখলে আর সংশয় থাকার কথা নয়।

গত রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি, হারিয়েছে দুটি মহামূল্যবান পয়েন্ট। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এ মৌসুমে জয়হীন থাকতে হলো তাঁকে। ঘরের মাঠে প্যাট্রিক ভিয়েরার দলের কাছে ২-০ গোলে হেরেছিলেন গার্দিওলা।


৭৪ শতাংশ সময় বলের দখল রেখে আর ১৮ বার গোলের চেষ্টা করেও সিটির এ হোঁচট খাওয়া জমিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। ২৯ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সিটি সবার ওপরে আছে ঠিকই, কিন্তু দুদিন পর লিভারপুল যদি আর্সেনালের বিপক্ষে হাতে থাকা বাড়তি ম্যাচটা জিতে যায়, তাহলে দুই দলের পয়েন্ট ব্যবধান হবে মাত্র এক। এ যেন গাড়ির রিয়ারভিউ আয়নার মতো ব্যাপারস্যাপার, ‘অবজেক্টস আর ক্লোজার দ্যান দে অ্যাপেয়ার’, অর্থাৎ পেছনে থাকা বস্তু যতটা পেছনে আছে বলে মনে হয়, আসলে অতটা পেছনে নেই সেটা!

এভাবেই সিটির একের পর এক শট আটকে দিয়েছে ক্রিস্টাল প্যালেস
ছবি : রয়টার্স

তবে গার্দিওলা আশাবাদী। হাতে এখনো ৯ ম্যাচ আছে। এটাকে ইতিবাচক বলছেন এই স্প্যানিশ কোচ, ‘৯ ম্যাচ এখনো বাকি আছে। আমাদের অনেক ম্যাচ জিততে হবে। যেভাবে আমরা খেলছি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই। আমরা জিততে পছন্দ করি, তবে বলতেই হবে ম্যাচটা দুর্দান্ত হয়েছে। আমরা গোল করতে পারিনি, সেটা আমাদের ভুল।’


৯ ম্যাচ বাকি থাকলেও গার্দিওলার দল যেভাবে গত এক মাসে মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে, নিশ্চিতভাবে সিটি সমর্থকদের চিন্তা বাড়াবে। কয়েক দিন আগে স্পোর্তিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগেও গোল করতে পারেনি তারা। গোলশূন্য ড্র হয়েছে সে ম্যাচে। সপ্তাহ দুয়েক আগে টটেনহামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে।

ওদিকে লিভারপুল তুলনামূলকভাবে বেশ ভালো ফর্মে আছে। ২০২২–এর শুরু থেকে এখন পর্যন্ত শুধু ইন্টারের বিপক্ষে হেরেছে। দুদিন পর আর্সেনালের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামছে ক্লপের দল। যে আর্সেনালের কোচ গার্দিওলারই শিষ্য-মিকেল আরতেতা। গুরুদক্ষিণা হিসেবে আপাতত আরতেতার কাছে সে ম্যাচে আর্সেনালের একটা জয় চাইতেই পারেন গার্দিওলা!