শিরোপার সঙ্গে দুরত্ব বাড়ল সিটির

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। অথচ তারাই কিনা হেরে গেল পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা দলটির কাছে। ম্যানচেস্টার সিটির শিরোপা অক্ষুণ্ন রাখার পথটিকে আরও বন্ধুর করে দিল ক্রিস্টাল প্যালেস। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের হারে পয়েন্ট টেবিলে সিটির অবস্থান এখন চতুর্থ।
সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলার শুরুটা কিন্তু ভালোই করেছিল সিটি। মুহুর্মুহু আক্রমণে প্যালেসের ওপর চাপ সৃষ্টি করেও কাজের কাজটা করতে পারেনি তারা। খেলার ধারার বিপরীতে ৩৪ মিনিটে এক গোল হজম করেই আসলে সর্বনাশটা হয়েছে তাদের। স্কট ড্যানের একটি শট প্রথমে গোলরক্ষক জো হার্টের পায়ে লেগে এসে ফেরত আসে। কাছেই ছিলেন প্যালেসের স্ট্রাইকার গ্লেন মারে। তিনি আর ভুল করেননি, বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। পেলেগ্রিনির শিষ্যরা দাবি করেছিলেন অফসাইডের। তবে সেটা ধোপে টেকেনি। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় আবারও সিটি শিবিরে আঘাত প্যালেসের। দুর্দান্ত একটি ফ্রি কিক থেকে গোল করেন মধ্য মাঠের খেলোয়াড় জেসন পানচন। ৪৮ মিনিটে তখন ২-০ গোলে পিছিয়ে পড়ে অতিথিরা।
ব্যবধান কমাতে তখন মরিয়া সিটি গোলের দেখা পায় ৭৮ মিনিটে। ইয়া তোরের একটি শট খুঁজে পায় প্যালেসের জাল। সেটিই প্রথম এবং সেটিই শেষ। পরে ফার্নানদিনহো এবং তুরে বেশ কয়েকবার গোলের আভাস দিয়েছিলেন। কিন্তু প্যালেস গোলরক্ষক জেমস ম্যাকআর্থারের দক্ষতা এবং ভাগ্যের কাছে হেরে যায় সিটি। খেলা শেষ হয় ২-১ ব্যবধানেই। ৭০ মিনিটে অবশ্য একটা পেনাল্টি পেতে পারত সিটি। ফার্নান্দিনহোর একটি শট বক্সের ভেতরেই হাত দিয়ে আটকে দিয়েছিলেন মারে। কিন্তু ব্যাপারটি দৃষ্টি এড়িয়ে যায় রেফারির। বিফলে যায় সিটির পেনাল্টি আবেদন।
৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ আসনটা দখল করে রেখেছে চেলসি। ৯ পয়েন্ট পেছনে তালিকার ৪ নম্বরে সিটি। ম্যাচও তারা খেলেছে চেলসির চেয়ে একটি বেশি। এমন অবস্থায় শিরোপা পুনরুদ্ধার করার স্বপ্নটা কঠিন মনে করছেন অনেকেই। তবে হাল ছেড়ে দিতে রাজি নন ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। চেলসির সঙ্গে ব্যবধান নিয়েও এখন আলোচনা করতে নারাজ তিনি। জানালেন তাঁর ভাবনা কেবলই পরের ম্যাচগুলো নিয়ে, ‘আমরা চেলসি কিংবা শিরোপা নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য এখন পরের ম্যাচগুলোতে জেতার জন্য খেলা। মৌসুমের শেষে পয়েন্ট তালিকার দিকে তাকালেই বোঝা যাবে আমরা কতটুকু নিজের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।’
প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা চারটি ম্যাচ হারল সিটি। দলের এ রকম টানা বাজে খেলার প্রভাব কোচ হিসেবে পেলেগ্রিনির ক্যারিয়ারেও প্রভাব ফেলাটা খুব স্বাভাবিক। কিন্তু এ নিয়েও নির্বিকার তিনি, ‘আমি খুব খুশি মনেই আমার কাজ করে চলছি। একটা বাজে মৌসুম মানেই যে চাকরি ছাড়তে হবে, এমনটা আমি মনে করি না।’ সিটির পরের ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে পরের রোববার ‘ডার্বি ডে’তে মুখোমুখি হবে দুই দল। সূত্র: এএফপি