শিশু তেভেজ, মুখোশধারী নেইমার...!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর মুখোশধারী নেইমার। ছবি: রয়টার্স
গোলের পর মুখোশধারী নেইমার। ছবি: রয়টার্স

ব্রাজিল লিগে অ্যাটলেটিকো মিনেইরোর সাবেক তারকা এডমিলসন ফেরেইরা একবার কি করলেন জানেন? আমেরিকা-বেলো হরিজন্তের বিপক্ষে গোল করে শুরু করলেন গাজর খাওয়া। কেন জানেন? বেলো হরিজন্তে দলটির ডাক নাম ‘খরগোশ’! বুঝুন কী নির্মম রসিকতা! এমন কতশত ব্যতিক্রমী-উপভোগ্য উদযাপনের দেখা মেলে ফুটবলে। আসুন না ফুটবলের দর্শককুলকে হতভম্ব করে দেওয়া কিছু ব্যতিক্রমী উদযাপনের গল্প শুনি।
মুখোশধারী নেইমার
গোল উদযাপনে তারকাদের মুখোশ পরার রীতি কিন্তু নতুন কিছু নয়। গোলের মতো সেটিও কম উপভোগ্য নয়! ২০১১ সালে কোপা লিবার্তোদোরেসে চিলির ক্লাব কোলো কোলোর বিপক্ষে গোল উদযাপনের সময় দারুণ এক কাণ্ড করলেন নেইমার। নিজের চেহারার মুখোশ পরলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। অবশ্য সঙ্গে সঙ্গে হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে। রেফারির এ সিদ্ধান্তে ‘বিস্ময়ে’র সীমা ছিল না ব্রাজিলীয় সেনশেসনের!
আলোকাচিত্রী ইতো
গত মৌসুমে টটেনহামের বিপক্ষে গোল করে স্যামুয়েল ইতোর বৃদ্ধের ভঙ্গিতে উদযাপন বেশ সাড়া ফেলেছিল। গোল করেই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যাওয়া, এরপর কুঁজো হয়ে কোমরে হাত দিয়ে, স্ট্যান্ডে ভর দিয়ে হাঁটার ভঙ্গি, যেন কোনো বৃদ্ধ হেঁটে যাচ্ছেন লাঠি ভর দিয়ে! মূলত হোসে মরিনহোকে খোঁচা দিতেই এমন উদযাপন-ভঙ্গি বেছে নিয়েছিলেন তিনি। ইতোর আরও একটি মজার উদযাপন রয়েছে। ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের হয়ে হ্যাটট্রিক করে ব্যতিক্রমী এক উদযাপনে মেতেছিলেন ইতো। মাঠে দায়িত্বরত এক আলোকচিত্রীর ক্যামেরা নিয়ে শুরু করে দিয়েছিলেন ছবি তোলা। ছবি তোলার ভঙ্গি কিন্তু তাঁর ছিল একেবারেই পেশাদার আলোকচিত্রীর মতো।

শিশু তেভেজ
কার্লোস তেভেজ তখন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৮ সালের প্রথম দিনই বার্মিংহাম সিটির বিপক্ষে গোল করলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। এরপর মুখে শিশুদের চুষনি নিয়ে অদ্ভুত এক উদযাপনে মাতলেন। তাঁর এই উদযাপন ছিল ফ্লোরেন্সিয়াকে মনে করে। গোলটি উৎসর্গও করেছিলেন তাঁর কন্যাকে।

মাঠে স্পাইডারম্যান
এই তো সেদিনের কথা। কমিকস বইয়ের পাতা থেকে উঠে আসা স্পাইডারম্যান হঠাৎ করেই হানা দিলেন জার্মান সুপার কাপের ম্যাচে। সুপার হিরো পেয়ে গেলেন একটি গোলও। তাঁর গোল বায়ার্ন মিউনিখকে তো বটেই, হকচকিত করে দিল দর্শকদের। কে এই স্পাইডারম্যান? কোথা থেকে আভিভূ‌র্ত হলেন এই সুপার হিরো! বায়ার্নের জালে বল জড়িয়ে দেওয়া এই স্পাইডারম্যানের নাম পিয়েরে-এমরিক আউবামেয়াং। বরুশিয়া ডর্টমুন্ডের পক্ষে ম্যাচের দ্বিতীয় গোলটি করার পর স্পাইডারম্যান সেজেই গোল উদযাপন করেছিলেন এ ফরোয়ার্ড।