শীতে বিশ্বকাপের 'ক্ষতিপূরণ' ১ বিলিয়ন ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২২ বিশ্বকাপের সময় ইউরোপীয় ক্লাবগুলোকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা
২০২২ বিশ্বকাপের সময় ইউরোপীয় ক্লাবগুলোকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

কাতারে ২০২২ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের খেলা হবে শীতকালে। সাধারণত বিশ্বকাপ ফুটবলের খেলা যে সময়ে (জুন-জুলাই) অনুষ্ঠিত হয়, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সে সময়ে বিশ্বকাপ আয়োজন আর ফুটবলারদের উত্তপ্ত উনুনের আঁচে ঠেলে দেওয়া একই কথা। ইউরোপীয় ক্লাবগুলো এই ব্যাপারটি নিয়ে প্রথম থেকেই সরব। এর পাশাপাশি ভরা মৌসুমে আর্থিক ক্ষতির মুখেও পড়ার একটা শঙ্কা তাদের রয়ে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, কাতার বিশ্বকাপের সময় ক্লাবগুলোকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার।
ইউরোপীয় ক্লাবগুলোর সংগঠন—ইসিএ কাতার ফুটবল বিশ্বকাপের সময়সূচি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে একটা নালিশও ঠুকে দিয়েছে। সাধারণত ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার ক্লাবগুলো এই ইসিএকে নেতৃত্ব দিয়ে থাকে। বিশ্বকাপের বিভিন্ন দেশের অনেক খেলোয়াড়ই এসব লিগের ক্লাবে খেলে থাকেন। শীতকালে বিশ্বকাপ নিয়ে তাদের মূল আপত্তি। কারণ, এই সময় ইউরোপীয় ফুটবলের ভরা মৌসুম। মৌসুমের মাঝখানে যদি বিশ্বকাপ আসরের জন্য খেলা বন্ধ রাখতে হয়, সে ক্ষেত্রে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি তাদের হতে হবে। টিভি স্বত্ব, টিকিট, স্পনসর—কত ব্যাপার জড়িত।

২০২২ সালের ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর। অনেক আলাপ-আলোচনার পর এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। ইসিএ প্রস্তাব রেখেছিল ৫ মে থেকে ৪ জুনের মধ্যে বিশ্বকাপ আয়োজনের। তবে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি ইসিএর এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে, গরমের পাশাপাশি এই সময় বিশ্বকাপের মতো আসর আয়োজন না করার একটা বড় কারণ পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর।
নভেম্বর-ডিসেম্বর সময়সূচিটা অবশ্য ঐকমত্যের ভিত্তিতেই চূড়ান্ত করা হয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও এই সময়সূচি মেনে নিয়ে ইউরোপীয় ফুটবলের মৌসুম ঢেলে সাজানোর কথা বলেছে। সূত্র : স্পোর্টস কিডা।