শীতের সন্ধ্যায় হেমন্ত-উৎসব
দুই অক্ষরের একটি শব্দ, ‘জয়’। কত সহজেই না বদলে দিতে পারে সবকিছু! ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসা ফুটবলার ও কোচের মুখে সারাক্ষণ লেপ্টে রইল প্রাণখোলা হাসি। বাংলাদেশ ফুটবল দল যেন সুখী পরিবারের আদর্শ এক বিজ্ঞাপন।
জয় আসলেই সবচেয়ে বড় টনিক। শ্রীলঙ্কার কাছে হারলেই ধূলিস্যাৎ হতো বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন। অবসরে যেতেন অধিনায়ক মামুনুল ইসলাম ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। শেষ পর্যন্ত তা হয়নি, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুজনই।
ম্যাচটি শুরুর আগে ফুটবলাররাও প্রতিশ্রুতি দিয়েছিলেন মামুনুল আর এমিলিকে। বলেছিলেন, ‘আমরা আজ শুধু দেশের জন্যই নয়, খেলব তোমাদের জন্যও।’ কথা রেখেছেন বাকিরা। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের অসাধারণ গোলে সেমিফাইনালে বাংলাদেশ। কথা রাখতে পেরেছেন মামুনুলরাও। টুর্নামেন্ট শুরুর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কথা দিয়েছিলেন, ‘আমরা সেমিফাইনালে খেলব।’
বরাবরের মতো কাল আর গোমড়ামুখে সংবাদ সম্মেলনে আসেননি কোচ লোডভিক ডি ক্রুইফ। গণমাধ্যমকর্মীদের সঙ্গে খুনসুটি করলেন। হাসিমুখে প্রশংসা করে গেলেন ফুটবলারদের, ‘আজ ছেলেরা খুবই ভালো খেলেছে। ওরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। ছিল প্রত্যয়ী। আমি ওদের খেলায় খুব খুশি।’
কিন্তু এমন আনন্দে তো আরেকটু হলেই জল ঢেলে দিতেন গোলরক্ষক সোহেল। তাঁর একটা ভুলেই ৬৬ মিনিটে পেনাল্টি পায় শ্রীলঙ্কা। সোহেলের ওই হাস্যকর ভুলে ক্ষুব্ধ হয়েছিলেন কোচ, ‘ওর বোকামি দেখে প্রথমে আমি বেজায় রেগে গিয়েছিলাম। বুঝতে পারিনি কীভাবে একজন গোলকিপার এমন বাজে ভুল করতে পারে।’ শেষ পর্যন্ত অবশ্য গোল ঠেকিয়ে কিছুটা ‘প্রায়শ্চিত্ত’ করেছেন সোহেল। তবে কোচ এটাও স্বীকার করেছেন যে, ভাগ্যও ছিল পক্ষে।
পুরো ম্যাচে যদি খলনায়কসুলভ একটা কাজ করে থাকেন সোহেল, নায়ক অবশ্যই হেমন্ত। দিনাজপুরের ১৮ বছরের তরুণ দলের সঙ্গে নিয়মিত অনুশীলন তো করেনই, সবাই ফিরে গেলেও এক মনে বল নিয়ে অনুশীলন করেন। গত বছর গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল পেয়েছিলেন তাঁর অভিষেকেই। কাল আরেকটি মূল্যবান গোল পেলেন। এতে দারুণ উচ্ছ্বসিত হেমন্ত, ‘ম্যাচ শুরুর আগেই ভেবেছিলাম, জয়সূচক গোলটি হয়তো আমিই করব। স্বপ্নপূরণ হয়েছে বলে খুব ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে এই ভেবে যে মামুনুল ও এমিলি ভাইদের আমরা হারাচ্ছি না।’
কোচ ডি ক্রুইফ এমিলির কাছ থেকে ১০ নম্বর জার্সি নিয়ে সেটি পরিয়ে দিয়েছিলেন হেমন্তকে। কোচের আস্থার প্রতিদান দিতে পেরে খুশি বিকেএসপির সাবেক ছাত্র, ‘কোচ আমাকে ১০ নম্বর জার্সি ভালোবেসে দেননি। এর একটা আলাদা নাম আছে—টেন পজিশন। আমি কোচের দেওয়া ১০ নম্বরের সম্মান রাখতে পেরেছি।’
হেমন্তকে প্রশংসায় ভাসালেন শ্রীলঙ্কার কোচ নিকোলা কাভাজোভিচও, ‘ওর গোল একটা মাস্টারপিস। দেখার মতো গোল হয়েছে। এত অল্প বয়সেই ও বাংলাদেশের ভবিষ্যৎ মামুনুল হতে যাচ্ছে।’
একটি জয়েই ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছেন মামুনুল, ‘আমাদের সেমিফাইনালের লক্ষ্যপূরণ হলো। এই জয়ে সমালোচকদের জবাবও দেওয়া হলো। এবার লক্ষ্য ফাইনাল। আমরা এবার জাতিকে একটা বিস্ময় উপহার দিতে চাই।’
‘বিস্ময়’টা কি হবে শিরোপা?