শীর্ষ তিনে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইজের প্রশ্ন হতে পারে, ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ কবে শীর্ষ তিনে ছিল? সেটাও কিন্তু এক বছরের বেশি সময় আগের কথা, গত বছরের আগস্টের পর ইউনাইটেড আর শীর্ষ তিনে ঢুকতে পারেনি। টানা পাঁচ জয়ে রেড ডেভিলরা পরশু আবার পয়েন্ট তালিকার তিনে উঠে এল। ওল্ড ট্রাফোর্ডে এখন হয়তো একটু হলেও স্বস্তির সুবাতাস বইছে।
রবিন ফন পার্সির জোড়া গোলে সাউদাম্পটনের সঙ্গে ২-১ গোলের জয়টা অবশ্য ম্যাচের চিত্রটা একদমই বোঝাতে পারছে না। পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিয়েছে ইউনাইটেড, যার দুটি ছিল গোলপোস্টে, সেই দুটি থেকেই গোল। অন্যদিকে সাউদাম্পটন শট করেছে ১৫টি। ইউনাইটেড কোচ লুই ফন গাল নিজেই স্বীকার করেছেন, ‘তিনে চলে আসাটা আসলেই দারুণ, কিন্তু আমি আরও ভালো খেলা আশা করেছিলাম। আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল।’ এই মৌসুমের চমক সাউদাম্পটনের এটি টানা তৃতীয় পরাজয়। তবে পরশুর পরাজয়ের দায়টা কোচ রোনাল্ড কোম্যান নিজেদের কাঁধেই নিলেন, ‘আজ ওরা আমাদের হারায়নি, আমরা নিজেরাই নিজেদের হারিয়েছি। ওদের ভুলগুলো থেকে আমরা ফায়দা নিতে পারিনি, এটাই ব্যবধান গড়ে দিয়েছে।’ সাউদাম্পটনের গোলটি করেছেন ইতালিয়ান স্ট্রাইকার গ্রাজিয়ানো পেল্লে।
গত মাসেই ফন গাল বলেছিলেন, রবিন ফন পার্সি কিছুটা ধার হারিয়ে ফেলেছেন। পরশু জোড়া গোল করার পর ফন গালই পার্সিকে প্রশংসায় ভাসালেন, ‘আমার মনে হয় রবিন ফন পার্সির গোল দুটিই ওকে নিয়ে সবকিছু বলছে না। মাঠে দলের যে তিনজন খুব ভালো, নিদেনপক্ষে ভালো খেলেছে সে ছিল তাদের একজন।’ প্রিমিয়ার লিগে ১৪০ গোল হয়ে গেছে ডাচ স্ট্রাইকারের, এর চেয়ে বেশি গোল আছে আর নয়জনের। এএফপি।
পয়েন্ট তালিকায় সেরা ৫
ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
চেলসি ১৫ ১১ ৩ ১ ৩৬
ম্যান সিটি ১৫ ১০ ৩ ২ ৩৩
ম্যান ইউনাইটেড ১৫ ৮ ৪ ৩ ২৮
ওয়েস্ট হাম ১৫ ৮ ৩ ৪ ২৭
সাউদাম্পটন ১৫ ৮ ২ ৫ ২৬