শীর্ষ বাছাইয়ে নেই ফ্রান্স, ইতালি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া বিশ্বকাপের এখনো বছর তিনেক বাকি। তবে আঁচটা হয়তো লাগতে শুরু করবে আজ থেকেই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আজ হবে বিশ্বকাপ বাছাইয়ের ড্র। তবে ড্রটা হবে এশিয়ার দেশগুলো বাদে ফিফার ১৪১টি দেশকে নিয়ে। এশিয়ার বাছাইপর্ব শুরু হয়ে গেছে আগেই।
ইউরোপের দেশগুলো নয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। নয়টি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরও চারটি দল। ফিফা কাল শীর্ষ নয় বাছাইয়ের নামও জানিয়ে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি তো আছেই; হল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগালের নামগুলোও অনুমিতই। বেলজিয়াম, ক্রোয়েশিয়ার সঙ্গে চমক হিসেবে শীর্ষ বাছাইয়ে জায়গা করে নিয়েছে রোমানিয়া ও ওয়েলস। জুন পর্যন্ত ফিফা র্যা ঙ্কিংয়ে পিছিয়ে থাকায় শীর্ষ বাছাই হিসেবে জায়গা হয়নি ফ্রান্স ও ইতালির।
আফ্রিকার দেশগুলোও পাঁচটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, বিশ্বকাপ ভাগ্যে শিকে ছিঁড়বে শুধু পাঁচ গ্রুপ চ্যাম্পিয়নেরই। দক্ষিণ আমেরিকার ১০টি দেশের অবশ্য ড্রয়ের ঝামেলা নেই, নিজেদের মধ্যে ১৮টি ম্যাচের রাউন্ড রবিন লিগ শেষে বিশ্বকাপ খেলবে চারটি দল। পঞ্চম দলটি সুযোগ পাবে প্লে-অফ খেলার। কনক্যাকাফের গ্রুপ পর্বের প্রথম তিনটি দল খেলবে সরাসরি। চতুর্থ দলটি সুযোগ পাবে প্লে-অফের। এশিয়ার পঞ্চম দল ও ওশেনিয়ার সেরা দলটিও প্লে-অফের সুযোগ পাবে। তবে প্লে-অফে কোন মহাদেশের প্রতিপক্ষ কারা, সেটা জানা যাবে ড্রয়ের পরেই। এএফপি।