এক বছরের মধ্যে দুটি আন্তর্জাতিক শিরোপার নিশ্বাসদূরত্বে গিয়েও ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। কোপার ফাইনালে হারের ক্ষতটা তো দগদগেই। সাত বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা—এই খবরটাও তাই সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারছে না। ২০০৮ সালের জুনের পর এই প্রথম শীর্ষস্থানটি দখল করল আলবিসেলেস্তেরা। র্যাঙ্কিংটা যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার।
র্যাঙ্কিংয়ের চমক বলতে পারেন রোমানিয়া ও ওয়েলসের শীর্ষ দশে উঠে আসা। রোমানিয়া উঠে এসেছে অষ্টম স্থানে। ২০০৮ ইউরোর পর বিশ্বকাপ বা ইউরোর মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ দলটি অবশ্য ২০১৩ সালের নভেম্বরের পর মাত্র একটি ম্যাচ হেরেছে, সেটিও আলজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে। অন্যদিকে গ্যারেথ বেল-অ্যারন রামসেদের ‘সোনালি প্রজন্মের’ ওয়েলস ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে ১০ নম্বরে, যা দেশটির ইতিহাসেরই সর্বোচ্চ র্যাঙ্কিং। চার বছর আগেও তাদের র্যাঙ্কিং ছিল ১১৭!
কোপার কোয়ার্টার ফাইনালেই বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ পিছিয়ে নেমে গেছে ৬ নম্বরে। এ ছাড়া উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ইংল্যান্ডের। গত মাসে ইউরো বাছাইতে স্লোভেনিয়ার সঙ্গে জয়ী ইংলিশরা ছয় ধাপ এগিয়ে উঠে এসেছে ৯ নম্বরে। শীর্ষ দশের অন্য দলগুলো হলো জার্মানি (২), বেলজিয়াম (৩), কলম্বিয়া (৪), হল্যান্ড (৫) ও পর্তুগাল (৭)। শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে উরুগুয়ে, ফ্রান্স ও স্পেন।
এ সময়ের মধ্যে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩ বেড়েছে, তবে র্যাঙ্কিং কী তা জানতে অবশ্য ৯ জুলাই ফিফার আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইএসপিএন, ফিফাডটকম।