রহমতগঞ্জ ২: ১ মুক্তিযোদ্ধা; ব্রাদার্স ২: ১ উত্তর বারিধারা আজ শেষ সিলেট-পর্ব
শীর্ষে উঠে এল রহমতগঞ্জ

সিলেট জেলা স্টেডিয়ামটা দেখা যাচ্ছে কোচ কামাল বাবুর জন্য দারুণ পয়মন্ত! গত ২ সেপ্টেম্বরে এই স্টেডিয়ামেই বিভাগীয় কমিশনার গোল্ডকাপে ময়মনসিংহের কোচের দায়িত্বে ছিলেন। ফাইনালে সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামাল বাবুর দল নরসিংদী। এবার প্রিমিয়ার লিগের দুটি ম্যাচেই সিলেট থেকে ৬ পয়েন্ট নিয়ে ঢাকা ফিরছে কামাল বাবুর ক্লাব রহমতগঞ্জ।
অথচ চট্টগ্রামে বিপিএলের তিন ম্যাচে দুটি ড্র ও একটি জয় ছিল। ময়মনসিংহে এক ড্র, এক জয়। কাল সিলেট স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-১ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রহমতগঞ্জ। সমান পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে থাকায় দুইয়ে শেখ জামাল। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে মুক্তিযোদ্ধা।
১২ মিনিটে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সাইদুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ (১-০)। ২৪ মিনিটে পেনাল্টি থেকে তৌহিদুলের গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ৩১ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ, জাতা মুস্তফার গোলে ২-১ করে ফেলে রহমতগঞ্জ। আবারও পেনাল্টি থেকে ম্যাচে ফেরার সুযোগ মেলে মুক্তিযোদ্ধার। কিন্তু দুর্ভাগ্য তাদের, পেনাল্টি থেকেও গোল করতে পারেননি আহমেদ মুসা। বল লাগে ক্রসবারে!
ব্রাদার্সের দ্বিতীয় জয়: মাত্র তিন ম্যাচ আগে ধুঁকতে থাকা এক দলের দায়িত্ব নেন সৈয়দ নইমুদ্দিন। কদিনের মধ্যেই নতুন কোচ যেন বদলে দিয়েছেন দলের চেহারা। তিন ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে ব্রাদার্স। কাল ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। এই জয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এল ব্রাদার্স। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানেই উত্তর বারিধারা।
৪৫ মিনিটে আব্বাস ইনুসাহর গোলে প্রথমে এগিয়ে যায় ব্রাদার্স (১-০)। ৬৫ মিনিটে অগাস্টিন ওয়ালসন ব্যবধান বাড়ান (২-০)। গোল শোধে মরিয়া উত্তর বারিধারা ৭৩ মিনিটে ম্যাচে ফেরার চেষ্টা করে কলিন্স টিয়োগোর গোলে (২-১)। তবে বাকি সময় চেষ্টা করেও কোনো দল গোল পায়নি। উত্তর বারিধারার কর্মকর্তা আবদুল কালাম গতকাল সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় ম্যাচের বিরতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজকের দুটি ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট-পর্ব শেষ হচ্ছে। এরপর ১৪ অক্টোবর থেকে ঢাকায় শুরু দশম রাউন্ডের খেলা।