শীর্ষে ওলটপালট

জমে উঠেছে লা লিগার শিরোপালড়াই। পরশু এসপানিওলের সঙ্গে বার্সার গোলশূন্য ড্রয়ের সুযোগ নিয়েছে অ্যাটলেটিকো, লেভান্তেকে হারিয়ে উঠে গেছে লিগের শীর্ষে।
অ্যাটলেটিকোর হাসি
শীর্ষে প্রথম
দুই মৌসুম আগেই লা লিগার শিরোপা আছে। লেভান্তের সঙ্গে ১-০ গোলের জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের শীর্ষে উঠে যাওয়া তাই খুব বড় চমক নয়। তবে এই মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা, তার ওপর নতুন বছরের প্রথম ম্যাচেই—জয়টা অ্যাটলেটিকোর কাছে আলাদা তো বটেই। অ্যাটলেটিকোর (৪১) চেয়ে এখন ২ পয়েন্ট পেছনে বার্সা, ম্যাচ অবশ্য একটি কম।
পার্টি চলবেই!
গত নভেম্বরেই নতুন ক্লাবের হয়ে অভিষেক হয়েছে। গত পরশু করলেন অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল। টমাস পার্টির সেই গোলেই জয়। বদলি হিসেবে নেমে ৮০ মিনিটে ২২ বছর বয়সী ঘানাইয়ান মিডফিল্ডার গোল পেয়েছেন, ভিসেন্তে ক্যালদেরন পেয়েছে ‘পার্টি’র উপলক্ষ।
শেষ সময়ের রাজা
এই মৌসুমে এ নিয়ে শেষ ১৫ মিনিটে ১০টি গোল করল অ্যাটলেটিকো। শেষ ১৫ মিনিটে এর চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোনো ক্লাব, নয় গোল নিয়ে কাছাকাছি রিয়াল মাদ্রিদ (কাল রাতে ভ্যালেন্সিয়া বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত)।
‘আমার মনে হয় আমরা আরও ভালো খেলতে পারি। খেলায় আরও গতি আনতে পারি, আরও নিখুঁত হতে পারি।’
ডিয়েগো সিমিওনে
কোচ, অ্যাটলেটিকো মাদ্রিদ
গোলহীন বার্সেলোনা
১১ মাস পর
গত বছর স্প্যানিশ ফুটবল ইতিহাসে রেকর্ড ১৮০ গোল করেছিল বার্সেলোনা। অথচ সেই দলটাই এসপানিওলের বিপক্ষে জাল খুঁজে পেল না। বার্সার সর্বশেষ গোলহীন থাকার ঘটনা গত বছরের ফেব্রুয়ারিতে, মালাগার বিপক্ষে। আর গোলশূন্য ড্র দিয়ে সর্বশেষ বছর শুরু করেছিল সেই ১৯৮০ সালে, রায়ো ভায়েকানোর বিপক্ষে।
বাধার নাম পোস্ট
লিওনেল মেসি নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। ইশ্! ফ্রি-কিকটা যদি পোস্টে না লাগত। পরে লুইস সুয়ারেজের শটও ফিরে এসেছে পোস্টে লেগে। এই মৌসুমে এ নিয়ে পাঁচবার পোস্ট ও ক্রসবার মেসিকে গোলবঞ্চিত করেছে। সংখ্যার দিক থেকে এই দুর্ভাগ্যে মেসির সঙ্গী শুধু সেল্টা ভিগো স্ট্রাইকার ইয়াগো আসপাস।
দেখা হবে আবার
দুই দলের আগের সাতটি ম্যাচেই হেরেছিল এসপানিওল। নগরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পরশুর ড্রটা এসপানিওলের জন্য আরেক দিক দিয়েও আশা-জাগানিয়া বটে। সামনের এক সপ্তাহের মধ্যেই যে আরও দুবার বার্সার মুখোমুখি হতে হবে, দুটি ম্যাচই কোপা ডেল রের শেষ ষোলোতে।
অপয়া ক্লাসিকো
এল ক্লাসিকোই কি তাহলে অপয়া? রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর লা লিগায় পাঁচটি ম্যাচ খেলেছে বার্সা। পয়েন্ট খুইয়েছে এর তিনটিতেই। ভ্যালেন্সিয়াকে দিয়ে শুরু। এরপর দেপোর্তিভোর পর ড্র এসপানিওলের সঙ্গেও।
‘আমার মনে হয় যেসব সুযোগ আমরা পেয়েছি, সেগুলো বিচার করলে ফলটা ন্যায্য হয়েছে’
লুইস এনরিকে
কোচ, বার্সেলোনা