শীর্ষে রিয়াল-বার্সা
বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব—ক্লাব দুটিতে খেলেন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সুতরাং টেলিভিশন স্বত্ব থেকে আয়ের দিক থেকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যে সবার ওপরে থাকবে তাতে বিস্ময়ের কিছু নেই। তবে চমকপ্রদ হচ্ছে, ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর সঙ্গে বার্সা-রিয়ালের আয়ের ব্যবধান। স্প্যানিশ দৈনিক লা নুয়েভা এসপানারপ্রতিবেদন অনুযায়ী, ২০১৩-১৪ মৌসুমে টিভি স্বত্ব থেকে যেখানে রিয়াল-বার্সেলোনা আয় করেছে ১৪০ মিলিয়ন ইউরো করে, সেখানে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের আয় মাত্র ৩৬.৯৩ মিলিয়ন ইউরো! গত মৌসুমে টিভি স্বত্ব থেকে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস আয় করেছে ৯৪ মিলিয়ন ইউরো।
রিয়াল-বার্সেলোনার আয়টা এত বেশি হওয়ার কারণ লা লিগায় টিভি স্বত্বের কোনো সম্মিলিত চুক্তি হয় না। ফলে ক্লাবগুলো ইচ্ছেমতো দরদাম করে তাঁদের টিভি স্বত্ব বিক্রি করতে পারে। সব মিলিয়ে লা লিগার দলগুলো গত মৌসুমে টিভি স্বত্ব থেকে আয় করেছে ৭৫৫ মিলিয়ন ইউরো। এদিক থেকে আবার বেশ এগিয়ে প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে বেশি প্রচারিত লিগটি গত মৌসুমে টিভি স্বত্ব থেকে আয় করেছে ১.৮৭৫ বিলিয়ন ইউরো (১০০০ মিলিয়নে ১ বিলিয়ন)! সবচেয়ে বেশি আয় করেছে গতবারের রানার্সআপ লিভারপুল (১১৭.০৫ মিলিয়ন ইউরো)। মজার ব্যাপার হচ্ছে, প্রিমিয়ার লিগে গত মৌসুমে সবচেয়ে কম আয় ছিল কার্ডিফ সিটির (৭৪.৫ মিলিয়ন ইউরো), কিন্তু সেটিও ফ্রান্সের লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির আয় (৪৪.৬৯ মিলিয়ন ইউরো) থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেশি! গোলডটকম।
টেলিভিশন স্বত্ব থেকে আয়
মিলিয়ন ইউরোয় আয়
বার্সেলোনা লা লিগা ১৪০
রিয়াল মাদ্রিদ লা লিগা ১৪০
লিভারপুল প্রিমিয়ার লিগ ১১৭.০৫
ম্যান সিটি প্রিমিয়ার লিগ ১১৫.৮৯
চেলসি প্রিমিয়ার লিগ ১১২.৯৩
আর্সেনাল প্রিমিয়ার লিগ ১১১.৪৪
টটেনহাম প্রিমিয়ার লিগ ১০৭.৬০
ম্যান ইউনাইটেড প্রিমিয়ার লিগ ১০৬.৯৯
এভারটন প্রিমিয়ার লিগ ১০২.০৩
জুভেন্টাস সিরি ‘আ’ ৯৪